চেনা রূপে ফিরল ফ্রান্স

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১২:১৯ পিএম

ইতালিকে পেছনে ফেলে নিজেদের ‘আসল রূপ’ দেখিয়েছে ফ্রান্স। নেশনস লিগের লিগ ‘এ’–এর গ্রুপ ২–এর গুরুত্বপূর্ণ ম্যাচে আদ্রিয়েঁ রাবিওর জোড়া গোলে ৩–১ ব্যবধানে জয় পায় তারা। 

সান সিরোর চেনা পরিবেশে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। খেলা শুরুর মাত্র ২ মিনিটে রাবিওর গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক ইতালি। ৩৩ মিনিটে আত্মঘাতী গোল করে নিজেদের বিপদ আরও বাড়ায় ইতালিয়ানরা। 

তবে ৩৫ মিনিটে আন্দ্রেয়া কাম্বিয়াসোর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় ইতালি। যদিও শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হার এড়ানো সম্ভব হয়নি। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন রাবিও। 

এ জয়ের ফলে ৬ ম্যাচ শেষে ইতালি ও ফ্রান্সের পয়েন্ট সমান ১৩ হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্রান্স। 

ম্যাচ শেষে দারুণ পারফরম্যান্সের পর রাবিও বলেন, ‘অনেক দিন পর আমরা এমন পারফরম্যান্স দেখালাম। দল যেভাবে লড়াই করেছে এবং নিবেদন দেখিয়েছে, তা উল্লেখ করার মতো। এটাই ফ্রান্সের আসল রূপ।’ 

তবে স্বাগতিক ইতালির পারফরম্যান্স ছিল হতাশাজনক। সান সিরোর ৬৮ হাজার দর্শকের সামনে নেশনস লিগে ধারাবাহিক ভালো খেলতে থাকা দলটি এ ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। 

ম্যাচ শেষে ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি স্বীকার করেন, ‘আজ আমাদের খেলায় মানের অভাব ছিল। আমরা ভালো খেলতে পারিনি এবং বল দখলে প্রচুর ভুল করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত