চুরির মোটরসাইকেল বিক্রি করতে এসে হাতেনাতে ধরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি করা মোটরসাইকেল বিক্রি করতে এসে পুলিশের কাছে দুটি মোটরসাইকেলসহ হাতেনাতে ধরা পড়েছে চোর চক্রের দুই সদস্য। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে চক্রের দুই সদস্যকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

এর আগে গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চুরি করা মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজার সংলগ্ন মল্লিকপুর এলাকার মা-বাবার দোয়া মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে মোটরসাইকেলসহ চোর চক্রের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আকটকৃত চোর চক্রের সদস্যরা হলেন মো. ফারুক মিয়া (২৯) ও মো. শাহিন মিয়া (২৬)। তাদের মধ্যে ফারুকের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্বপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। অপরজন শাহিন মিয়া একই উপজেলার গড়াডোবা ইউনিয়নের বড়রামপুর গ্রামের প্রয়াত মতিউর রহমানের ছেলে।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, চুরি করা মোটরসাইকেল বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মোটরসাইকেল দুটি জব্দ করে আসামিদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত