সকালে প্রার্থনায় যোগ দিতে দেরি করেছিল ১৮ ছাত্রী! সে জন্য তাদের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলায় এ ঘটনা ঘটে। সাই প্রসন্ন নামে ওই শিক্ষিকার কাছে এর কারণ জানতে চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। তিনি দাবি করেছেন, ছাত্রীদের নিয়মশৃঙ্খলার বিষয়ে শিক্ষা দিতেই চুল কেটে দিয়েছেন।
অন্ধ্রপ্রদেশের একটি আবাসিক স্কুলে এই ঘটনা ঘটেছে। স্কুলটির নাম কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। সেই আবাসিক স্কুলে ছাত্রীদের নিরাপত্তা, সুরক্ষার দায়িত্বে রয়েছেন প্রসন্ন। অভিযোগ, তিনি ১৮ ছাত্রীর চুল কেটে দিয়েছেন।
স্কুল সূত্রে জানা যায়, ছাত্রীনিবাসে পানি কম থাকায় তাদের গোসল করে প্রার্থনাসভায় যোগ দিতে দেরি হয়েছিল। সে কারণেই ওই ছাত্রীদের চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। চার ছাত্রীকে মারধর করার অভিযোগও উঠেছে প্রসন্নের বিরুদ্ধে। ছাত্রীদের দাবি, কয়েকজনকে রোদে দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি। এই ঘটনার কথা যাতে কেউ জানতে না পারে, তাই তাদের হুমকিও দিয়েছিলেন প্রসন্ন।
ছাত্রীরা পুরো বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। তারপরই অভিভাবকরা বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনেন। কর্তৃপক্ষ প্রসন্নকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন।
ফিলিপাইনে টাইফুন মান-ই’র আঘাতে নিহত ৭