রাসুল (সা.)-এর রুম থেকে নিয়ে মসজিদে নববির মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে, সেটুকুকে রিয়াজুল জান্নাত বলা হয়। এ জায়গাটুকুর দৈর্ঘ হচ্ছে ২২ মিটার আর প্রস্থে ১৫ মিটার। হজ ও ওমরাহ পালনকারীরা সেখানে নামাজের জন্য ভিড় করেন। এবার সেখানে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য আগাম অনুমতি নিতে হবে। সেই সঙ্গে বছরে একবারের বেশি রিয়াজুল জান্নাতে যাওয়া যাবে না।
গত ১৫ নভেম্বর শুক্রবার সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক্স পোস্টে এ তথ্য জানায়। পোস্টে বলা হয়েছে, এখন থেকে অনুমতি ছাড়া রিয়াজুল জান্নাতে প্রবেশ করা যাবে না। অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জিয়ারতের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। তাহলে ওমরাহ আদায়সহ সৌদি আরবের পবিত্র স্থানগুলো ঘুরে আসা সহজ হবে।
উল্লেখ্য, সৌদি সরকারের হিসাবে চলতি বছর এক কোটির বেশি মুসলমান রিয়াজুল জান্নাত জিয়ারত ও রওজা মোবারকে সালাম পেশ করেছেন। যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। রওজা জিয়ারতকারীদের মধ্যে ৫৮ লাখ পুরুষ এবং ৪৭ লাখ নারী।
