ঢাকায় শুরু বরিশালে শেষ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:২১ এএম

ট্রল সিরিজের প্রায় তিন বছরেরও বেশি সময় পর আবারও ওয়েবে জুটি হয়ে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি এই জুটিকে এক করছেন ‘হাউ সুইট’-এ। গেল মাসে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ওয়েব ফিল্মটির ঘোষণা দেন তারা।

ঘোষণার ঠিক এক মাস পেরিয়ে গেলেও এখনো শুটিং ফ্লোরে গড়ায়নি ফিল্মটি। তবে জানা গেছে, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ওয়েব ফিল্মটির শুটিং।

ঢাকায় শুটিং শুরু হয়ে ফিল্মটির দৃশ্যায়ন শেষ হবে বরিশালে। টানা ২০ দিনের মতো শুটিং হবে বলে খবর। ওয়েব ফিল্ম হলেও পুরো সিনেমার আয়োজনে এর শুটিং হবে। থাকবে অ্যাকশন ও একটি আইটেম গান।

রোমান্টিক-কমেডি জনরার এ সিনেমাটির মধ্য দিয়ে পাঁচ বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অপূর্ব-অমি। সে সময় পরিচালক জানিয়ে ছিলেন, সবসময় এমন কনটেন্ট বানাই যেন মানুষের মন ভালো হয়ে যায়। ‘হাউ সুইট’ কাজটিও ব্যতিক্রম হবে না।

তিনি বলেন, চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখার সময় দর্শকদের সেই অনুভূতি হবে। আর এই ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কারও নাম মাথায় আসেনি। ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক, সিরিয়াস দুই চরিত্রেও ভালো করে। আশা করছি দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে।

সিনেমাটিতে অপূর্ব-ফারিণ ছাড়া আরও অভিনয় করবেন সাইদুর রহমান পাভেল, বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত