১১৩ বারের মতো পেছাল সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। আবারও ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ দিন ধার্য করেন।
মামলাটি দীর্ঘ দিন ধরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে তদন্তের দায়িত্ব ছিল। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর তদন্তের জন্য একটি টাস্কফোর্স গঠন করে। বর্তমানে টাস্কফোর্স তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে গ্রেপ্তার আছে। গ্রেপ্তার অন্য আসামিরা হলো বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। এদের মধ্যে তানভীর ও পলাশ রুদ্র জামিনে আছেন। বাকিরা এখনো কারাগারে।
