গত সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন প্রায় ৭৭ কোটি টাকা। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিই সর্বোচ্চ খরচ। এর ফলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত।
গত জুলাই-আগস্টের আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও। জুলাইয়ের আগে বাংলাদেশের ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হতো ভারতে। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর গত তিন মাসে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। এর ফলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত।
দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ৭৭ কোটি টাকা খরচ করেছে। যা এই কার্ডের মাধ্যমে সর্বোচ্চ খরচ। অন্যদিকে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত। সেপ্টেম্বরে দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫১ কোটি টাকা। অথচ জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর আগে জুন মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ভারতে সর্বোচ্চ ৯২ কোটি টাকা খরচ করেছিলেন। সেই হিসাবে কয়েক মাসের ব্যবধানে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার প্রায় অর্ধেক কমে গেছে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, জুলাই থেকে বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে ভারত। বর্তমানে বাংলাদেশিদের ক্ষেত্রে জরুরি চিকিৎসা বাদে ভ্রমণ বা অন্যান্য ভিসা প্রদান সীমিত করে দিয়েছে ভারত। এ কারণে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যার ফলে দেশটিতে কমে গেছে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে যত অর্থ খরচ করেন, তার প্রায় ১৮ শতাংশই খরচ হয় যুক্তরাষ্ট্রে। সর্বশেষ সেপ্টেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে খরচ করা হয় প্রায় ৪২১ কোটি টাকা। আগস্টে যার পরিমাণ ছিল ৩৭৩ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ ৪৮ কোটি টাকা বা প্রায় ১৩ শতাংশ বেড়েছে।
চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে এসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ যে পরিমাণ বেড়েছে, তার বড় অংশই বেড়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে। থাইল্যান্ডে আগস্টে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৩৩ কোটি টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি টাকায়। সেই হিসাবে এক মাসের ব্যবধানে থাইল্যান্ডে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৯ কোটি টাকা বা সোয়া ২৭ শতাংশ। একইভাবে মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে এক মাসের ব্যবধানে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ ৫ কোটি টাকা করে বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২ হাজার ৬৬৮ কোটি টাকা। আগস্টে যার পরিমাণ ছিল ২ হাজার ৩৩২ কোটি টাকা। সেই হিসাবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ ৩৩৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক খালিদ, সদস্য সচিব হাসান
বোলিংয়ে আশা ব্যাটিংয়ে ভয়
অনুমোদন পেল সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ