বিতৃষ্ণা থেকে অভিনয় বিরতি, বলিউডে পুনরুত্থান মনীষার

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

মাঝে অনেক দিন পর্দায় ছিলেন না এক সময়ের ব্যস্ত অভিনেত্রী মনীষা কৈরালা। অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন এই অভিনেত্রী। তবে তিনি ফিরেছেন, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ দিয়ে। সিরিজটির অন্যতম মুখ্য ভ‚মিকায় দেখা গেছে তাকে। সিরিজে ‘মল্লিকাজান’ চরিত্রে মনীষার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। অক্সিজেন জুগিয়েছে তার নিভু নিভু ফিল্মি ক্যারিয়ারকেও।

সম্প্রতি এএনআই-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে মনীষা জানিয়েছেন, ক্যারিয়ারের এক পর্যায়ে তার বিতৃষ্ণা চলে এসেছিল অভিনয়ের প্রতি। বলিউডকেও বিদায় জানাবেন বলে পরিকল্পনা করেছিলেন। সেই সময় প্রবীণ অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার একটি উপদেশ তার চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দিয়েছিল! যদিও তাৎক্ষণিকভাবে ডিম্পলের সেই উপদেশ একটুও ভালো লাগেনি ‘আকেলে হাম, আকেলে তুম’ খ্যাত নায়িকার।


 
মনীষা জানান, ‘সেই সময় অভিনয়ের প্রতি ভীষণ একঘেয়েমি চলে এসেছিল। ডিম্পল কাপাডিয়াকে এ বিষয়টা জানিয়ে কিছু উপদেশ চেয়েছিলাম, যাতে অবস্থার একটু উন্নতি হয়। তা শুনে তখন তিনি যা বলেছিলেন সেই সময় এতটুকুও ভালো লাগেনি আমার কিন্তু পরে উপলব্ধি করেছিলাম কত দামি ছিল ডিম্পলজির সেই উপদেশ। 

তিনি আমাকে বলেছিলেন, ‘অভিনয়টা চিরকাল করার সুযোগ পাবে না। তাই সময় থাকতে থাকতে যতটুকু পাচ্ছো, কাজ করে নাও। আজ বুঝি সেই কথার মর্ম।’ 

‘হীরামান্ডি’ সিরিজটিতে মনীষা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ, ফারদিন খান, শেখর সুমন এবং আরও অনেকে। 

অনলাইন অবলম্বনে মুমতাহিনা মেহনাজ অনিভা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত