ট্র্যাফিক আইন ভাঙলে ছবি তুলে পুলিশকে পাঠান অমিতাভ

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির একটি পর্বে হাজির হয়েছিলেন অভিনেতা অভিষেক বচ্চন, পরিচালক সুজিত সরকার এবং লেখক অর্জুন সেন। ‘আই ওয়ান্ট টু টক’ ছবির প্রচারে এবার এই গেম শোতে এসেছিলেন তারা। সেখানেই ৭ কোটি টাকা জিতলে সেটি দিয়ে ঠিক কী করবেন সে কথাই জানিয়েছেন।

এই সময় বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকে নিয়ে একটি মজার গল্প শেয়ার করেছেন ছেলে অভিষেক। তিনি জানিয়েছেন, অমিতাভ বচ্চনের একটি অদ্ভুত অভ্যাস আছে, তিনি ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের ছবি তুলে সেগুলো কর্তৃপক্ষকে রিপোর্ট করেন।

এক প্রশ্নের উত্তরে অভিষেক তার বাবা থেকে জানতে চান, কে ভালো ড্রাইভার? তখন অমিতাভ বচ্চন হাত তুলে জানান তিনি ভালো ড্রাইভার। এ সময় অভিষেক মজা করে তার বাবাকে চুপ থাকতে বলেন। পরবর্তীতে অভিষেক জানান, তার বাবা গাড়ি চালানোর চেয়ে লোকজনের সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করেন।

অভিষেক আরও বলেন, ‘যদি কেউ ভুল পথে চলে আসে, আমার বাবা ফোন দিয়ে তার ছবি তুলে ফেলেন। এরপর বলেন, ট্রাফিক পুলিশকে পাঠাব, এই ব্যক্তি লাল বাতি পার করে চলে যাচ্ছে। আর ওই ব্যক্তি ভাবছেন, ওহ, অমিতাভ বচ্চন আমার সেলফি নিচ্ছে!’ 

রাইজিং সান ফিল্মস ও কিনো ওয়ার্কস প্রযোজিত আই ওয়ান্ট টু টক সিনেমাটি আগামী ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। এতে  অভিষেক ছাড়াও অভিনয় করেছেন জনি লিভার ও অহল্যা বামরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত