বিচারপতি মইনুল ইসলাম

বিচার বিভাগের স্বাধীনতা কোথাও কার্যকর নেই, এটি সম্মিলিত ব্যর্থতা

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১০:০২ পিএম

গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা কোথাও কার্যকর নেই। এটি সম্মিলিত ব্যর্থতা। কেবল বিচারকই নয়, রায়ের গুণগত মানও নিশ্চিত করা প্রয়োজন। বিচারকদের মানসিকভাবে স্বাধীন হওয়ার প্রয়োজন।

আজ বুধবার (২০ নভেম্বর) নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১৭ বছর শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আইন সংস্কার কমিশনের সদস্য মাসদার হোসেন বলেন, বিচার বিভাগ স্বাধীন বলা হলেও মোটেও তা স্বাধীন নয়। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে প্রশাসন। বিচারকরা প্রশাসনের কোনও কাজে হস্তক্ষেপ করতে পারেন না।

সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার, জেলা জজ ও সংবিধান আলোচক ইকতেদার আহমেদ বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক সেটা কোনও রাজনৈতিক দলই চায়নি। ফলশ্রুতিতে বিচার বিভাগের আজকে এই দুরবস্থা। এখনই সঠিক সময় বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করার।

হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. খাদেমুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিউম্যানিটি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত