হেফাজত নেতাদের আপত্তি ও নিরাপত্তাহীনতার জেরে লালন মেলা আয়োজনের অনুমতি বাতিল করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক।
সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর গ্রামে ‘মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি’ প্রাঙ্গণে এ মেলার আয়োজনের কথা ছিল।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘এই মেলা বন্ধের জন্য স্থানীয় হেফাজতের নেতারা দাবি জানিয়েছে। মেলার অনুমতি দেওয়া হলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় আমরা লালন মেলার অনুমতি প্রদান করিনি।’
উল্লেখ্যে, গত ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা এই মেলাকে ঈমান বিধ্বংসী আখ্যা দিয়ে বন্ধের দাবিতে মিছিল করে। পরে মুক্তিধাম আশ্রমের অদূরে জড়ো হয়ে সেখানে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল।
তিনি তার বক্তব্যে বলেন, ‘অন্যায়কে প্রতিহত করতে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের তৌহিদী জনতা নারায়ণগঞ্জে কম নাই। প্রয়োজনে তৌহিদী জনতা সকলকে নিয়ে আমরা সামনে বাড়বো, কী করে এটি (লালন মেলা) বন্ধ করা যায়, সেটি আমরা দেখবো। প্রশাসনকে বলবো, এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। মুসলিম তৌহিদী জনতা আপস করতে রাজি না। প্রয়োজনে আমরা হাত দিয়ে বাধা দিবো। যা কিছু এখানে হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। কোনো অবস্থাতেই যেন এটা না হয়। অপ্রীতিকর কিছু হলে তার দায়ভার আপনাদের নিতে হবে।’
এদিকে হেফাজত নেতা আব্দুল আউয়ালের হুমকির প্রতিবাদে গত ২০ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করে মুক্তিধাম আশ্রমের লোকজন এবং নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিরা।
মানববন্ধনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সিনিয়র সহসভাপতি রফিউর রাব্বী বলেন, ‘প্রশাসনের দায়িত্ব হচ্ছে মানুষের মতপ্রকাশ, ধর্ম পালন এবং শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। নির্বিঘ্নে লালন মেলা আয়োজনের জন্য রাষ্ট্র ও সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের কাজ করতে হবে। এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। সকল ধর্ম, বর্ন ও মতের মানুষের বসবাস এই দেশে। এখানে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে৷ নিজের মত আরেকজনের উপর চাপিয়ে দিয়ে তার কণ্ঠরোধ করা শুধু চব্বিশের গণঅভ্যুত্থানের বিরুদ্ধেই নয়, এটি আমাদের সংবিধানেরও বিরোধিতা৷’
সেনাকুঞ্জে এক মঞ্চে খালেদা জিয়া-মাহফুজ-আসিফ-নাহিদ
গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে নানা উদ্যোগ