রাজবাড়ী নির্বাচন অফিস

স্থায়ী বাসিন্দার শর্ত থাকলেও চাকরি পেল অন্য জেলার প্রার্থী

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

রাজবাড়ীতে জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি উপজেলার স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষে ডাটা এন্ট্রি অপারেটর ও টিম সহকারী পদে নিয়োগ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীকে রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে উল্লেখ থাকলেও রাজবাড়ীর বাইরের জেলার নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ১৯ নভেম্বর জেলা নির্বাচন অফিসার মো.অলিউল ইসলাম স্বাক্ষরিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার স্মার্টকার্ড বিতরণ উপলক্ষে নিম্নবর্ণিত প্রার্থীগণকে তাদের আবেদনের প্রেক্ষিতে ১৯ নভেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে শর্তসাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো। বিজ্ঞপ্তিতে একজন টিম ম্যানেজার, ১০ জন ডাটা-এন্ট্রি অপারেটর ও ৮টি টিম সহকারীর পদ রয়েছে।

গত ৬ নভেম্বর বালিয়াকান্দি উপজেলায় স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য টেকনিক্যাল ম্যানেজার/টিম লিডার, অপারেটর ও টিম সহকারী পদে অস্থায়ী জনবল নিয়োগ চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে ১২টি শর্তপ্রদান করা হয়েছিল। এর মধ্যে ১২ নম্বর শর্ত ছিল ‘আবেদনকারীকে রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে’।

চূড়ান্ত পর্যায়ে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায় ডাটা এন্ট্রি অপারেটর পদে সাঈদুর রহমান সুজন ও সালমান আফ্রিদী এবং টিম সহকারী পদে মো. আবির শেখ অস্থায়ী নিয়োগ পেয়েছেন। সাঈদুর রহমান সুজনের বাড়ি মাগুরা জেলায়। তার পিতার নাম আব্দুল সাত্তার গোলদার। আবির শেখ মাগুরা জেলার মো. সোহরাব শেখের ছেলে।

আবির রাজবাড়ী জেলা নির্বাচন অফিসারের গাড়ি চালক অনিক শেখের ভাই। আর সালমান আফ্রিদীর বাড়ি ফরিদপুরে। তিনি ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসের অফিস সহায়ক শাহানাজ পারভীনের ছেলে।

সালমান আফ্রিদী বলেন, আমার মা রাজবাড়ী নির্বাচন অফিসে চাকরি করতেন। আমি আগে রাজবাড়ীতে থাকতাম। আমার সাথে অনেকের যোগাযোগ আছে। আমি নিয়মিত খোঁজ রাখতাম। তাই আমি এই নিয়োগ পেয়েছি। 

এ বিষয়ে আবির শেখ ও সাঈদুর রহমানকে মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তারা সংযোগ বিছিন্ন করে দেন। 

জেলা নির্বাচন অফিসার মো.অলিউল ইসলাম বলেন, বিজ্ঞপ্তিতে নামগুলো ভুল হতে পারে। বিষয়টি আমি যাচাই করে দেখবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত