অবশেষে মুক্তি পেল মমতাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’মুক্তি পেয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) মুক্তি পেল চলচ্চিত্রটি। ছবিটির পরিচালনা করেছেন উজ্জ্বল মিত্র ও প্রযোজনা সমীর মণ্ডলের। ছবির গল্পে উঠে আসবে, মমতার বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি।

চলচ্চিত্রটি মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা ব্যানার্জি। এ ছাড়াও খরাজ মুখার্জি, দেবশঙ্কর নাগের মতো তারকারা অভিনয় করেছেন। ছবিতে দেখা যাবে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। এমনকি একটি চরিত্রে দেখা যাবে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও।

২০২৩ সালের দুর্গাপূজার সময়ে শেষ হয়েছিল কলকাতার সিনেমা ‘সুকন্যা’র শুটিং। ছবিতে বিরোধী নেত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠায় মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথ দেখানো হয়েছে। সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে গত ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এটির।

কিন্তু ৯ আগস্ট ঘটে যায় আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার মর্মান্তিক ঘটনায় রাজ্য উত্তাল হয়ে উঠে। পুরো রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মুখে অনুকূল পরিবেশ না থাকায় চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

প্রযোজক সমীর কলকাতার গণমাধ্যমকে বলেন, ‘বাণিজ্যিক কারণে সেই সময়ে ছবি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কারণ, পরিস্থিতি অন্য রকম ছিল।’

পরিচালক উজ্জ্বলের বর্ণনায়, ‘নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পকে জোর দেওয়া হয়েছে।’

জানা যায়, সিনেমার গল্পে, মমতার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রাপথ দেখানো হয়েছে। সেই সঙ্গে দেখানো হয়েছে একটি কন্যাসন্তানকে নিয়ে একা মায়ের লড়াই। সেই সন্তানই সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন। হয়ে উঠছেন এক জন আইপিএস অফিসার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত