ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা চাপে ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানে অংশ নেয়নি। রাজনৈতিক দলের নেতাদের আমরা ৫৩ বছর দেখেছি। আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই।’
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত তারুণ্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রয়োজনে প্রতিরোধের ডাক দেওয়ার কথা জানিয়ে নুর বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই ফ্যাসিবাদের পুনর্বাসনের জন্য কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্পেস দেওয়ার কথা বলছে। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে যদি প্রতিরোধের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে সে ডাক দেওয়া হবে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব, আপনারা প্রস্তুতি নিন।’
নুর আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাব, যার যার রাজনীতি করুন। আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন।’ সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সভাপতিত্ব করেন পরিষদের চট্টগ্রাম নগর শাখার সভাপতি মো. শাহ আলম।
