দুই মাসের বিদেশ সফর নিরবের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৩ পিএম

চিত্রনায়ক নিরবকে দেখা গেল থাইল্যান্ডের পাতায়ায়, সাগরের ধারে। একা নয়, সঙ্গে স্ত্রী ও ছেলেমেয়ে। সৈকতে বেশ আনন্দময় সময় পার করছেন নিরব-ঋদ্ধি দম্পতি। কখনো সূর্যাস্ত দেখছেন, কখনো দেখছেন বৌদ্ধদের স্থাপত্য। হঠাৎ করেই শহর পরিবর্তন, এরপরে দেখা গেল দেশটির আরেক শহরে। এরপর আবার দেখা মিলল রাতের ব্যাংককে। মানে স্ত্রী-কন্যা নিয়ে থাইল্যান্ড চষে বেড়াচ্ছেন এই অভিনেতা। 

এটা পারিবারিক সফর? এটা জানতেই নিরবের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বললেন, ‘না এটা অফিসিয়াল ট্যুর। মানে কাজের সূত্রেই তিনি থাইল্যান্ডে। তবে এ দেশে ফিরব স্ত্রী-বাচ্চাকে রাখার জন্য, এরপরই উড়াল দিতে হবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে। সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি।’

নিরব যা জানালেন তার অর্থ হচ্ছে, প্রায় দুই মাস তিনি দেশের বাইরে থাকছেন। এই সময়ে বেশ কয়েকটি দেশে তিনি ট্যুর করবেন। এসব ট্যুর একেবারে অফিসিয়াল। মালয়েশিয়ায় হ্যালো সুপারস্টারের একটি আয়োজন রয়েছে সেখানে অংশ নেবেন, এ ছাড়া বাকি কয়েকটি দেশে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেবেন। সবিস্তারে জানিয়ে নিরব বললেন, যুক্তরাষ্ট্রে হয়তো ১৫-১৬ দিন থাকব। এরপর আমাকে চলে যেতে হবে কাতারে। সেখানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে একটা বড় আয়োজন রয়েছে। বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে এই আয়োজনে নানা সেগমেন্ট থাকে। তারই বেশ কয়েকটায় আমি অংশ নেব। এ ছাড়া কাতারে আরও কিছু কাজ রয়েছে। সেসব করব।

কাতার থেকে ফিরেই মালয়েশিয়া যাবেন জানিয়ে নিরব বললেন, কাতার থেকে ফিরেই মালয়েশিয়ায় চলে যাব। মালয়েশিয়া ট্যুরটা অন্যরকম। এটা আমার একেবারে আলাদা রকম ভালো লাগার জায়গা থেকে উপলব্ধি করি, কারণ প্রবাসী ভাইদের একেবারে কাছে যাওয়ার সুযোগ হয়। হ্যালো সুপারস্টারের আয়োজন রয়েছে। প্রবাসীদের নিয়ে এই আয়োজনটা চমৎকার হবে।

এই দীর্ঘ সফর নিয়ে নিরব বলেন, ‘অনেকদিন ধরেই মনে হচ্ছিল যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠেছি, একটু বাইরে যাওয়া দরকার। যেই আমরা থাইল্যান্ড প্রোগ্রাম করলাম, এরপর যুক্ত হয়ে গেল অফিসিয়াল বিষয়টি। একের পর এক ট্যুরগুলো যুক্ত হয়ে একসঙ্গে লম্বা ব্যাপার হয়ে দাঁড়াল। এখন দেখা যাচ্ছে অফিসিয়াল কারণেই দুই মাস বাইরে থাকতে হচ্ছে।’

দেশে ফিরেই ক্যামেরার সামনে দাঁড়াবেন, ব্যস্ত হয়ে পড়বেন এমনটাই জানিয়ে নিরব বললেন, ‘দেশে ফিরেই ব্যস্ত হয়ে যেতে হবে। বেশকিছু কাজ ততদিনে জমে থাকবে। সিনেমার কাজও রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, সেসব নিয়ে ফিরেই আলাপ শুরু করব।’

নিরব অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে অতি সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে কয়লা ও স্পর্শ। কয়লা সিনেমায় বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নিরব। এ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করেছেন নিরব-বুবলী। ‘কয়লা’ ছবিটির শুটিং হয়েছে যশোরের সীমান্ত এলাকায়। অন্যদিকে আলোচিত সিনেমা স্পর্শ-তে নিরবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্ত। কলকাতা থেকে ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন অভিনন্দন দত্ত এবং বাংলাদেশ থেকে অনন্য মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত