নেচে-গেয়ে খাসিয়াদের বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ উদযাপন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে নেচে-গেয়ে উদযাপিত হল ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব। এ উৎসবকে খাসিয়াদের ভাষায় বলা হয় ‘খাসি সেং কুটস্নেম’। ২০১২ সাল থেকে প্রতিবছর ২৩ নভেম্বর ঐতিহ্যবাহী প্রথায় বর্ষবিদায় উদযাপন করে আসছেন খাসিয়া সম্প্রদায়ের মানুষ।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পুঞ্জির ফুটবল মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী এ উৎসব উদযাপিত হয়।

বর্ণাঢ্য আয়োজনে এ বর্ষবিদায় উৎসবে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিনসহ সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যানরা।

অনুষ্ঠানস্থলের এক প্রান্তে বাঁশের খুঁটির ওপর নারিকেল পাতায় ছাউনি দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরি করা হয়। মাঠের চারপাশে তাদের নিজস্ব পণ্যসামগ্রী নিয়ে মেলায় স্টল বসে। স্টলসমূহে খাসিয়া সম্প্রদায়ের উৎপাদিত সামগ্রী ছাড়াও খেলনা, খাদ্য, পোশাক ও মসলা সামগ্রী স্থান পেয়েছে।

সিলেট বিভাগের ৭০টি খাসিয়া পুঞ্জি থেকে আসা নারী-পুরুষ, শিশু-কিশোররা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে মিলিত হন। উৎসবে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক পরে মেয়েদের নৃত্যগীত, পান সাজানো, তীর-ধনুক খেলা, তৈলযুক্ত একটি বাঁশে উঠে ওপরে রাখা মোবাইল ফোন গ্রহণ ও মেলা অনুষ্ঠিত হয়।

মাগুরছড়া ইয়ুথ ক্লাবের সভাপতি ফরলী মিয়াঙ ও খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য সম্পাদক সাজু মারছিয়াং  দেশ রূপান্তরকে বলেন, ‘এ উৎসবের মাধ্যমে আমাদের সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও খেলাধুলাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।’

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ফিলা পতমী দেশ রূপান্তরকে বলেন, ‘ব্রিটিশ আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষবিদায় ‘খাসি সেং কুটস্নেম’ পালন করা হয়। কমলগঞ্জের মাগুরছড়ায় ২০১২ সাল থেকে খাসি বর্ষবিদায় উদযাপন করা হচ্ছে। পরের দিন থেকে শুরু হবে খাসি বর্ষবরণ (স্ন্যাম থাইমি) উৎসব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত