চার বছর পর এভাবে পয়েন্ট হারাল বার্সেলোনা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ এএম

প্রতিপক্ষ শক্তিতে অনেক পিছিয়ে, তারপরও লা লিগার ম্যাচটতে পয়েন্ট হারাল বার্সেলোনা। দুই গোলে এগিয়ে যাওয়া বার্সার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে চমকে দিল সেল্টা। ২০২১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে দুই গোলের লিড নেওয়ার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। কাকতালীয়ভাবে, সেবারও তাদের প্রতিপক্ষ ছিল সেল্টা।

শনিবার রাতে সেল্টার মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচের শুরুতে নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেয় বার্সেলোনা। ১৫তম মিনিটে জুল কুন্দের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন রাফিনহা। এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল পাঠিয়ে দেন জালে। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৩টি, অ্যাসিস্ট ১০টি।

৪১তম মিনিটে দুরূহ কোণ থেকে গোলরক্ষকের ওপর দিয়ে চিপ শটে স্কোরলাইন ২-০ করেন রবার্ট লেভানদোভস্কি। কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি। তবে বিরতির পর ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই পোলিশ তারকা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পেয়ে ডান পায়ের শটে পাঠিয়ে দেন জালে।এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ২০ গোল করলেন লেভা।

সেল্টার একজনকে ফাউল করে ৮২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার কাসাদো। প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে চাপ বাড়ায় স্বাগতিকরা। ৮৪তম মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার কুন্দের ভুলে ব্যবধান কমায় সেল্টা। দলটির হয়ে প্রথম গোল করেন গনজালেস। ৮৬তম মিনিটে ছয় গজ বক্সের কোণা থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আলভারেস।

১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত