পার্থ টেস্ট: শেষ বিকেলে বুমরা-সিরাজের ২০ বলের তোপ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

তৃতীয় দিনের খেলা শেষে ভারতের মাঠ ছাড়ার দৃশ্যটিই যেন পার্থ টেস্টের সারাংশ। দিনভর দাপট দেখানো ভারতের ইনিংসের পর, দিনের শেষ বিকেলে অস্ট্রেলিয়া মাত্র ২০ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচে কার্যত কোণঠাসা। ৫৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১২/৩। হাতে রয়েছে আরও দুই দিন, তবে অস্ট্রেলিয়ার হার প্রায় নিশ্চিত।

২২ বছরের যশস্বী জয়সওয়াল এদিন খেলেছেন ১৬১ রানের দুর্দান্ত ইনিংস। আগের দিন ৯০ রানে অপরাজিত থাকা জয়সওয়াল এদিন আরও ৭১ রান যোগ করেন। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। জয়সওয়ালের সঙ্গে ওপেনিং জুটিতে লোকেশ রাহুলের (৭৭) ২০১ রানের পার্টনারশিপ ভারতকে শক্ত ভিত দেয়। তবে রাহুলের বিদায়ের পর মিডল অর্ডারে কিছুটা বিপর্যয় দেখা দেয়।

জয়সওয়াল আউট হওয়ার পর রিশাভ পান্ত ও ধ্রুব জুরেল দ্রুত ফিরে গেলে ভারতের স্কোর ২ উইকেটে ৩১৩ থেকে ৫ উইকেটে ৩২১ হয়ে যায়। কিন্তু অভিজ্ঞ বিরাট কোহলি ক্রিজে থাকায় ভারতের ইনিংস আবারও গতি পায়। কোহলি ৩০তম টেস্ট সেঞ্চুরি করেন এবং ইনিংস শেষে ১০০ রানে অপরাজিত থাকেন। তাঁর নেতৃত্বে ওয়াশিংটন সুন্দর (২৯) ও নীতিশ রেড্ডির (৩৮*) সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। 

ভারতের ইনিংস ঘোষণা করার পরই ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই জাসপ্রিত বুমরা ১৪ বলের স্পেলে ২ উইকেট নিয়ে টপ অর্ডারে আঘাত হানেন। মারনাস লাবুশেন ও নাথান ম্যাকসুয়েনি এলবিডব্লু হয়ে ফিরে যান। আর একটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। 

সংক্ষিপ্ত স্কোর 

অস্ট্রেলিয়া:১০৪ ও ১২/৩ (খাজা ৩*; বুমরা ২/১, সিরাজ ১/৭)। 

ভারত:১৫০ ও ৪৮৭/৬ ডিক্লে. (জয়সওয়াল ১৬১, কোহলি ১০০*, রাহুল ৭৭, নীতিশ ৩৮*; লায়ন ২/৯৬)। 

ম্যাচের আরও দুই দিন বাকি থাকলেও, অস্ট্রেলিয়ার সামনে ভারতের বিশাল লিড পেরোনো প্রায় অসম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত