পাকিস্তান

বিক্ষোভ ঠেকাতে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১২ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল দেশটি। ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে পিটিআই সমর্থকদের ডাকা বিক্ষোভ সমাবেশ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে ইমরান খানের কয়েক হাজার সমর্থককে।

এছাড়া রাস্তা-ঘাট বন্ধের পাশাপাশি জারি করা হয়েছে লকডাউন। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা ও মোবাইল নেটওয়ার্ক।

পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা শহীদ নওয়াজের বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর হাজারো সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দলের ৫ পার্লামেন্ট সদস্যও আছেন।

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, ইমরান খান সমর্থকরা ইসলামাবাদের রেড জোনে পৌঁছালে কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করবে। তিনি বলেন, ‘কেউ সেখানে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হবে।’

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিকে জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানের অসুবিধার জন্য দায়ী করে নকভি বলেন, বাসিন্দা ও সম্পত্তি রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এদিকে পিটিআই নেতারা জানিয়েছে, সোমবার সকালে ইমরান খানের হাজার হাজার সমর্থক রাজধানী ইসলামাবাদের দিকে পদযাত্রা শুরু করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মিছিলকারীদের থামানোর চেষ্টায় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইমরান খান সমর্থকদের গ্যাস মাস্ক ও প্রতিরক্ষামূলক চশমা পরে থাকতে দেখা গেছে।

সোমবার বিক্ষোভকারীদের বহনকারী গাড়ির একটি বহর রাজধানীতে পৌঁছানোর কথা ছিল। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, তারা ৯ থেকে ১১ হাজার বিক্ষোভকারীর প্রত্যাশা করছেন, অন্যদিকে পিটিআই বলছে এই সংখ্যা আরও বেশি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত