টেস্টে প্রথমবার তাসকিনের ৫ উইকেট, উইন্ডিজ ১৫২ অলআউট

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০১:১৮ এএম

টেস্টে তাসকিন আহমেদের প্রথম ৫ উইকেটে অ্যান্টিগায় দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ১৫২ রানে উইন্ডিজের  দ্বিতীয় ইনিংসকে গুটিয়ে দিয়েছে। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৩৪ রান।  

সকালে উইকেটের আদ্রতা আর নতুন বলের চকচকে অবস্থাটা কাজে লাগাতে তৃতীয় দিনে আর ব্যাট করতে নামেনি আগের দিন ৯ উইকেটে ২৬৯ রান করা বাংলাদেশ। কৌশলটা কাজে লেগেছে। মধ্যাহ্ন বিরতির আগেই তাসকিন দুটো ও শরিফুল ইসলাম ১ উইকেট তুলে নেন। বিরতির পর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন তাসকিন, সঙ্গে হাত লাগান মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামও। তাতেই ৪৬.১ ওভারে ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৩৩৪ রান।  সময় আছে চতুর্থ দিনের বাকি ৪৩ ওভার এবং গোটা পঞ্চম দিন।

মধ্যাহ্ন বিরতির আগে দ্রুত ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ খানিকটা আশা দেখছিল কেভম হজ আর আলিক অ্যাথানজের ব্যাটে। এই দুজন চতুর্থ উইকেটে যোগ করেন ৫০ রান। জুটিটা ভাঙ্গেন তাসকিন, হজকে বাধ্য করেন লিটনের হাতে ক্যাচ দিতে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে মাত্র ২ রানে বোল্ড করেন তাসকিন। জশুয়া ডি সিলভাও হাসান মুরাদের দারুণ ক্যাচের শিকার হয়েছেন তাইজুলের বলে। আগের ইনিংসে প্রতিরোধ গড়া কেমার রোচও ১২ রানে তাসকিনের শিকার। তাকে বোল্ড করেই ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসের ইতি টেনেছেন তাসকিন। এরপর ইনিংস বিরতি এবং চা বিরতি শেষে শুরু হয়েছে বাংলাদেশের ইনিংস। তাসকিন ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট। 

৩৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য বাংলাদেশের শুরুটা মোটেও ভাল হয়নি। ব্যর্থতার বৃত্তে পাক খাওয়া জাকির হাসান বোল্ড হয়েছেন রোচের করা ইনিংসের পঞ্চম বলেই। প্রথম ইনিংসের মত এবারও জাকির প্লেইড অন, আগের বার বোলার ছিলেন জেডন সিলস আর এবার রোচ। আগের ইনিংসে ১৫, এবারে ০। অলআউট করার পরিতৃপ্তিটা তাই স্থায়ী হয়নি বেশিক্ষণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত