রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রুপনগর এলাকায় শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত কামরুল ইসলাম ও আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে কামরুল ইসলাম ও জ্যাকবকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামি কামরুলকে ও মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক মামুন মিয়া আসামি জ্যাকবকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে পৃথক দুই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাঁর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আর ১ অক্টোবর আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিন হত্যাচেষ্টা মামলায় তাঁর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর এ মামলায় ২০ নভেম্বর তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কামরুলের মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তাঁর শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জ্যাকবের মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রুপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রুপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহার নামীয় ১২২ নাম্বার আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত