চুক্তি নিয়ে ভাবছেন না ডি ব্রুইন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম

মৌসুমের শুরুতে কেভিন ডে ব্রুইনে ভেবেছিলেন, নতুন চুক্তি নিয়ে মানচেস্টার সিটির সঙ্গে কথা বলবেন। আলোচনা শুরুও হয়েছিল। তবে চোটে আক্রান্ত হয়ে মাঠে ফেরার লড়াইয়ে ব্যস্ত থাকা মিডফিল্ডার এবার চুক্তির ভাবনাই সরিয়ে ফেললেন মাথা থেকে।

চোটের কারণে এই মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৪৪২ মিনিট মাঠে ছিলেন ডি ব্রুইন। গেল সেপ্টেম্বরের পর ফেরেননি শুরুর একাদশে। তবে আজ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির সেরা একাদশে দেখা যেতে পারে বেলজিয়ান এই মিডফিল্ডারকে। আজ ম্যানসিটি ঘরের মাঠে খেলবে ফিয়েনুর্দ রোটারডামের বিপক্ষে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডি ব্রুইন বলেন, 'আমি জানি না (সিটিতে শেষ মৌসুম কি না)। মৌসুমের শুরুতে জানতাম যে, কোনো একটা পর্যায়ে কথা হবে ক্লাবের সঙ্গে। এরপর চোটে পড়লাম। কয়েক দিনেই ঠিক হওয়ার কথা ছিল, কিন্তু আট-নয় সপ্তাহ লেগে গেল। এই আলোচনা তাই সরিয়েই রেখেছিলাম। (চুক্তি নিয়ে) তাড়ার কিছু নেই, কোনো অস্বস্তি অনুভব করছি না এবং দুর্ভাবনাও নেই।'

ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হেরেছে। আজ তারা হারের বৃত্ত তেকে বের হতে পারেন কিনা সেটি দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত