রাজধানীতে শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সরকার ব্যর্থ হলে, বিপ্লব ও গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে এবং আবার, আমরা অন্ধকারে পড়ে যাব। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে ইতিবাচকভাবে ভাবতে হবে।
মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা অপচেষ্টা চালাচ্ছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি ভয়াবহ কর্মকাণ্ড শুরু হয়েছে। সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ চালানো শুরু হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি এবং করছি।
ফখরুল বলেন, আজ আমরা প্রত্যক্ষ করছি, কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত ও বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। কোনো সচেতন বা দেশপ্রেমিক ব্যক্তি কোনোভাবেই এ ধরনের অপচেষ্টা মেনে নিতে পারে না।
যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই ‘আত্মঘাতী পথ’ থেকে পরিত্রাণ পেতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছে।
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীন রচিত “তারেক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, যথাযথ তদন্তের নির্দেশ
গুলশান থেকে অপহরণের ৮ ঘণ্টা পর বনানীতে ব্যবসায়ী উদ্ধার 