রেসিডেন্সি ট্যুরের শেষ কনসার্টে কান্নাজড়িত কণ্ঠে বিদায়ের ঘোষণা দেন সময়ের অন্যতম সেরা পপতারকা, বিশ্বখ্যাত ব্রিটিশ গীতিকার ও সংগীতশিল্পী অ্যাডেল। গত শনিবার রাতে সিজার্স প্যালেসের কলোসিয়াম থিয়েটারে অনুষ্ঠিত এ শোয়ের মাধ্যমে শেষ হলো তার ‘উইকেন্ডস উইথ অ্যাডেল’।
বিবিসির প্রতিবেদন অনুসারে, লাস ভেগাসে অনুষ্ঠিত শেষ রেসিডেন্সি শোয়ে অ্যাডেল উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘এই শোটি অনেক সুন্দর ছিল এবং আমি আপনাদের খুব মিস করব। আমি জানি না পরবর্তী সময়ে কবে আবার পারফর্ম করব; কিন্তু আমি এখন কিছুই করছি না। আমি আসলে ভয় পাচ্ছি, কারণ আমার আগামী দিনের জন্য কোনো পরিকল্পনা নেই।’
অ্যাডেল তার এই রেসিডেন্সি শো শুরু করেছিলেন ২০২২ সালের নভেম্বরে এবং চলতি বছর তিনি ঘোষণা করেছিলেন যে, তিনি কিছু সময় সংগীত থেকে বিরতি নেবেন।
জুলাই মাসে এই তারকা জানিয়েছিলেন, সংগীত নিয়ে তার নতুন কোনো পরিকল্পনা নেই, তিনি বড় একটা বিরতি নিতে চান এবং কিছু অন্যরকম সৃজনশীল কাজ করতে চান কিছু সময়ের জন্য।
সর্বশেষ শোয়ের একেবারে শেষ ভাগে অ্যাডেল দর্শকদের আশ্বস্ত করে আরও বলেন, ‘আমি যা ভালো জানি তা হলো গান গাওয়া। আমি জানি না পরবর্তী সময়ে কবে আবার মঞ্চে উঠতে পারব, তবে আমি আপনাদের ভালোবাসি। আমি অবশ্যই ফিরে আসব।’
অ্যাডেল তার রেসিডেন্সি শো করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি বিশেষত আমার ছেলে অ্যাঞ্জেলোর জন্য রেসিডেন্সি শো করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে তার জীবন স্বাভাবিক থাকে।’
তিনি আরও জানান, রেসিডেন্সি শো করার মাধ্যমে তিনি এখন সপ্তাহান্তে তার ছেলের সঙ্গে সময় কাটাতে পারবেন।
এ ছাড়া অ্যাডেল তার হবু স্বামী রিচ পলকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘রিচ সবসময় আমাকে সমর্থন দেয় এবং আমাকে এমন অনুভব করায় যেন আমি যা খুশি করতে পারি।’ অ্যাডেলের বিদায়ী ভাষণটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ এবং তার পরবর্তী পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তিনি নিশ্চিত করেছেন যে একদিন তিনি আবারও মঞ্চে ফিরবেন।
