মিয়ানমারের জান্তার সঙ্গে আলোচনায় রাজি বিদ্রোহীরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৩ এএম

চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি যুদ্ধরত বিদ্রোহীরা। কয়েক বছর ধরে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। তবে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করে আসা বিদ্রোহী জোটের সদস্য তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি-টিএনএলএ সোমবার রাতে তাদের আলোচনার বসতে প্রস্তুত থাকার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। জান্তার ক্রমশ দুর্বল হয়ে যাওয়া এবং চীনের দিক থেকে চাপ বাড়তে থাকার মুখে টিএনএলএ এমন সিদ্ধান্ত জানাল।

২০২১ সালে গণতন্ত্রের প্রতীক অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে শুরু হয়ে পরে তা সশস্ত্র প্রতিরোধের রূপ নেয় এবং জান্তার বিরুদ্ধে একাধিক ফ্রন্টে বিদ্রোহী হামলা শুরু হয়।

চীনের মধ্যস্থতার চেষ্টাকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে টিএনএলএ উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

দলটির মুখপাত্র লওয়ে ইয়াই ও বলেছেন, জনগণ বিমান হামলাসহ বিভিন্ন হুমকির শিকার হচ্ছে। তাই এর সমাধানের পথ খুঁজে বের করতে হবে। ২০২২ সালে শুরু হওয়া ‘অপারেশন ১০২৭’ -এর বিদ্রোহী জোটের অংশ টিএনএলএ। তারা সামরিক জান্তার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তাদের অভিযানে কয়েকটি শহর ও সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। তবে বিদ্রোহী জোটের অন্য দুটি গোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

চীনের মধ্যস্থতায় জান্তার সঙ্গে বিদ্রোহী জোট জানুয়ারিতে একটি যুদ্ধবিরতিতে পৌঁছে ছিল। তবে, সেই চুক্তি জুনে অকার্যকর হয়ে পড়লে পুনরায় সংঘাত শুরু হয়। জাতীয় ঐক্য সরকার (এনইউজি) চীনের প্রতি জনগণের আকাক্সক্ষার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে। এনইউজির মুখপাত্র কিয়াও জাও বলেছেন, জনগণের আকাক্সক্ষা বিরোধী কোনো আলোচনা শুরু করা উচিত নয়। এটি দেশের শান্তির জন্য সহায়ক হবে না। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে টেকসই শান্তিপ্রতিষ্ঠায় অভ্যন্তরীণ ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। বিদ্রোহীদের আলোচনার আহ্বান জান্তা ও চীনের সঙ্গে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত