নব্য বিএনপিরাই সন্ত্রাস-নৈরাজ্যের সঙ্গে জড়িত: আমিনুল হক

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

নব্য বিএনপিরাই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। এই সন্ত্রাস নৈরাজ্যের সঙ্গে জড়িত নব্য বিএনপিতে আসা লোকদের চিহ্নিত করে তাদের আইনের হাতে তুলে দিতে হবে।

আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেলে রুপনগরে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে উল্লেখ করে আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে মানুষ তাদের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম করছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম করছে, ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম মানুষ করে আসছে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা এদেশের সাধারন মানুষ বিশ্বাস করে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির ও সর্বোচ্চ সমর্থন রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, আশা করি-স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা যারা এদেশের মানুষের ওপরে গত ১৭ বছর ধরে গুম-খুন ও জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, গত জুলাই-আগস্টে ছাত্রজনতা এবং বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে, সেই হত্যাকারীদের অতি দ্রুত সময়ের ভেতর আইনের আওতায় এনে বিচার করা হোক।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমারা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে এবং সেই রাজনীতিতে আর কখনও কোনো প্রতিহিংসা থাকবে না।

রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকের সভাপতিত্বে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মো. আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুবুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, উত্তর বিএনপির সদস্য ডা. এ কে এম কবির আহমেদ, ইব্রাহিম খলিল (সহ-দপ্তর), রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জন, রুপনগর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবদল রুপনগর থানার আহ্বায়ক সোয়েব খান, স্বেচ্ছাসেবক দল রুপনগর থানার আহ্বায়ক কাওছার আহমেদ, পল্লবীর বিএনপি নেতা মাহফুজুর রহমান সুমন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত