আল্লাহর অপূর্ব সৃষ্টি মানুষ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০২:৫০ এএম

আল্লাহর অপূর্ব সৃষ্টি মানুষ। মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ শপথ করে বলেন, ‘অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে।’ (সুরা তীন ৪) অন্যত্র মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি আদম সন্তানদের সম্মানিত করেছি। আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম জীবনোপকরণ দান করেছি এবং তাদের আমার অনেক সৃষ্টির ওপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছি।’ (সুরা ইসরা ৭০)

মানুষের শ্রেষ্ঠত্বের বিষয়টি দুদিক দিয়ে বিবেচনাযোগ্য। এক. সুন্দরতম অবয়ব, উন্নত রুচির খাদ্যাভ্যাস এবং কামনা-বাসনা ও বুদ্ধি-চেতনার দিক দিয়ে। দুই. ইমান ও সৎকর্মশীলতার দিক দিয়ে। প্রথমোক্ত দিক দিয়ে মানুষ সৃষ্টিগতভাবে অন্যান্য প্রাণিকুল ও ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। প্রাণিকুলের মধ্যে কামনা-বাসনা আছে, কিন্তু বুদ্ধি-চেতনা নেই। ফেরেশতার মধ্যে বুদ্ধি-চেতনা আছে, কিন্তু কামনা-বাসনা নেই। একমাত্র মানুষের মধ্যেই দুটি বিষয় একত্রে আছে। সে তার বুদ্ধি-চেতনার সাহায্যে স্বীয় কামনা-বাসনাকে পরাভূত করে এবং এভাবে সে সব সৃষ্টির ওপরে শ্রেষ্ঠত্ব অর্জন করে। দুই. ইমান ও সৎকর্মশীলতার দিক দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব সবার ওপরে নির্ধারিত। ইমানই হলো মূল। ইমান ভালো হলে আমল ভালো হবে। ইমান ও আমল যার ভালো হবে দুনিয়া ও আখেরাতে সে সফলকামী হবে। শ্রেষ্ঠত্ব লাভ করবে।

মহান আল্লাহ মানুষকে এমন কিছু গুণ ও বৈশিষ্ট্য দান করেছেন, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানুষকে চিন্তা, অনুধাবন, অনুভব, জ্ঞানার্জন ও বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা দান করেছেন, যা অন্য কোনো জীবকে দেওয়া হয়নি। জ্ঞানগত যোগ্যতা প্রয়োগ ও বিবেক পরিচালনার অধিক উন্নত পর্যায়ের যোগ্যতা মানুষকে দেওয়া হয়েছে। আর এসব গুণাবলির কারণেই মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মান ও মর্যাদার আসনে আসীন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত