সিটিকে নিয়ে মেজাজ খারাপ পেপের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হেরেছিল তারা। হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেছিল ফেইনুর্দের বিপক্ষে। ৭৩ মিনিট পর্যন্ত তিন গোলে এগিয়েও ছিল সিটিজেনরা। তবু ম্যাচ শেষে ফলাফল ৩-৩ এ ড্র। হার থেকে বাঁচলেও এমনভাবে পয়েন্ট হারিয়ে গার্দিওলা রাগে নিজেকে ক্ষত করেছেন!

ইতিহাদে ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হালান্ড। তাতে চ্যাম্পিয়নস লিগে ৫০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন হালান্ড। ৫০ মিনিটে ব্যবধান বাড়ান গুনদোয়ান। ৫৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। ৭৪ মিনিটে সিটি ডিফেন্ডার গাভার্দিওলের বেখেয়ালি ব্যাক পাসের সুযোগ নিয়ে গোল করেন ফেইনুর্দের ফরোয়ার্ড আনিস হাজ মুসা। ৭ মিনিট পর আবারও গোল জর্ডান লোতোম্বার ক্রস বুক দিয়ে নামিয়ে গোল করেন ফরোয়ার্ড সান্তিয়াগো হিমিনেজ। গোলটি দেখে গার্দিওলা ডাগ আউটে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসেছিলেন। ৮৯ মিনিটে ডেভিড হানকোর গোলে সমতায় ফেরে ফেইনুর্দ। সমতাসূচক গোলেও ভুল করেন সিটি গোলকিপার এদেরসন।

শেষ ছয় ম্যাচে ১৭ গোল হজম করেছে ম্যানসিটি। এ নিয়ে গার্দিওলা বলেন, ‘আমি জানি না সমস্যাটা মানসিক কি-না। প্রথম ও দ্বিতীয় গোলটি হতে পারে না। এরপর আমরা ভুলে গিয়েছিলাম কী ঘটেছে, ভালো করতে মরিয়া ছিলাম। সেটা করেও জিততে পারিনি।’

গার্দিওলা আরও বলেন, ‘তিনটি গোল করেও আমরা জিততে পারিনি। শুধু যোগ্যতা অর্জনের জন্য নয়, অনেক কারণে আমাদের পয়েন্ট প্রয়োজন। এই হার হজম করা কঠিন। আমরা ভালো খেলেছি, তিনটি গোল করেছি। আরও গোল করতে পারতাম। আমরা সবকিছুই করেছি, কিন্তু শেষে তা ধরে রাখতে পারিনি।’

সংবাদ সম্মেলনের শেষের দিকে এক সাংবাদিক জানতে চান, গার্দিওলার নাকের ওপর কেটেছে কীভাবে? তখনো তাজা রক্ত দেখা যাচ্ছিল সেই ক্ষতে। জবাবে গার্দিওলা বলেন, ‘আমার আঙুলের নখ এখানে...(ক্ষতস্থানে ইঙ্গিত করে)। আমি নিজেকেই আঘাত করতে চেয়েছিলাম।’ তার এই কথা শুনে সাংবাদিকরা অবাক হয়ে যান। গার্দিওলা বেরিয়ে যাওয়ার সময় কেউ কেউ তাকে ‘সব ঠিক হয়ে যাবে’ বলে সান্ত্বনাও দেন।

চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদ ৬-০ গোলে হারিয়েছে স্পার্তা প্রাগকে। জুলিয়ান আলভারেজ ও আনহেল কোরেয়া করেন দুটি করে গোল। আতলেতিকোতে যোগ দেওয়ার পর এই প্রথম জোড়া গোল করলেন আলভারেজ। বাকি দুটি গোল করেন মার্কো লরেনজে ও আন্তোনিও গ্রিজমান।

চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেল এসি মিলান। মিলান ৩-২ গোলে হারিয়েছে স্লোভান ব্রাতিসলাভাকে। বড় জয় পেয়েছে আরেক ইতালিয়ান ক্লাব আতালান্তা। আতালান্তা ৬-১ গোলে হারিয়েছে ইয়ং বয়েজকে। জার্মান ক্লাব লেভারকুজেন ৫-০ গোলে হারিয়েছে স্বদেশি ক্লাব সাল্জবুর্গকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত