কেন উইলিয়ামসন মানেই বাইশ গজে ব্যাট হতে ধ্যানমগ্ন ঋষি। তার প্রতিটি শটে থাকে বিস্তর হিসাব নিকাশ আর নান্দনিকতার ছোঁয়া। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে দারুণ পারফর্ম করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে চোট কাটিয়ে ফেরার ম্যাচে তিন অংকের দেখা পেলেন না। আটকে গেলেন নড়বড়ে নব্বইয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৯ রান তুলেছে নিউজিল্যান্ড। দলীয় ৪ রানেই অবশ্য বিপজ্জনক ডেভন কনওয়েকে (২) কট অ্যান্ড বোল্ড করেন অ্যাটকিনসন। পরবর্তী দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ উইকেটে যথাক্রমে ৫৮, ৬৮ এবং ৬৯ রানের জুটি হয়েছে। তিনটি জুটিতেই একপ্রান্তে ছিলেন উইলিয়ামসন। শুরুটা করেছিলেন ধীরে। ১৪ বল খেলে তিনি প্রথম রানের দেখা পান। প্রথম বাউন্ডারি হাঁকান ৪৭তম বলে।
নান্দনিক ব্যাটিংয়ে ৯০ বলে ফিফটি তুলে নেন উইলিয়ামসন। এগোতে থাকেন তিন অংকের দিকে। ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিটা যখন হাতের নাগালে, ঠিক তখনই গাস অ্যাটকিনসনের একটু লাফিয়ে ওঠা বলটি তার ব্যাট ছুঁয়ে চলে যায় জ্যাক ক্রলির হাতে। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে বিদায় নিলেন উইলিয়ামসন। তার ১৯৭ বলে ৯৩ রানের ইনিংসে ছিল স্রেফ ১০টি চারের মার।
টেস্টে সর্বশেষ ২০১৮ সালে নড়বড়ে নব্বইয়ে আটকা পড়েছিলেন উইলিয়ামসন। পুরো টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার তিনি নব্বইয়ের ঘরে আউট হলেন। ক্রাইস্টচার্চের পেস সহায়ক উইকেটে ৬৯ রানে ৪ উইকেট নিয়েছেন অফ স্পিনার শোয়েব বশির। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন আর ব্রাইডন কার্স।
জর্জিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন ম্যান সিটির সাবেক স্ট্রাইকার
একই নাম, একই জন্মদিন, একই জন্মস্থান; ইংল্যান্ড দলে নতুন রবিনসন!
‘বাজপাখি’ মার্তিনেজের অবিশ্বাস্য সেভ