চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কংগ্রেস নেত্রী এবং সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধরা।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘কোনও ধর্মের ওপরেই আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনের যিনি আছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা যেহেতু অন্য একটি দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি।’
আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জি এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার পরবর্তী সহিংসতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাছ থেকে এই প্রথম মন্তব্য শোনা গেল।
এর আগে কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধরাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন। স্ট্যাটাসে লেখেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক।’
তিনি লিখেছেন, ‘আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে জোরালো ভাবে তুলে ধরা হয়।’
সূত্র: বিবিসি বাংলা।
‘ইসকনের অনুমোদনই নেই, তাকে নিষিদ্ধ করার কী আছে’
সুসম্পর্ক চাইলে ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
চট্টগ্রামে আইনজীবী হত্যা ও ইসকন ইস্যুতে হাইকোর্টকে যা জানাল রাষ্ট্রপক্ষ