ইউনাইটেডের দায়িত্বে চাপ ও চ্যালেঞ্জের মুখে আমোরিম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর মাত্র এক সপ্তাহেই রুবেন আমোরিম নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। অপেক্ষাকৃত দুর্বল ইপসউইচের মাঠে দুর্দান্ত শুরু করলেও, শেষটা হয়েছে হতাশা ড্রয়ে। ইউনাইটেডের মতো বড় ক্লাবে কাজের চাপ, তারকাখ্যাতি এবং প্রচারের আলো কতটা তীব্র, তা তিনি ইতোমধ্যেই বুঝতে শুরু করেছেন।

ইপসউইচের মাঠে ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় গায়ক এড শিরানের আকস্মিক উপস্থিতি সবাইকে চমকে দিয়েছিল। তবে আমোরিম এতে বিরক্ত হননি। তিনি মজা করে বলেন, ‘এটা কিছু না। সে শুধু হ্যালো বলেছিল। রয় কিন আমার সঙ্গে ছিলেন, তিনিই আসল তারকা।’

বৃহস্পতিবার আমোরিম প্রথমবার ইউনাইটেডের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামবেন। প্রতিপক্ষ হবে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট। এই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘সবাই বলছে এটা বিশেষ মুহূর্ত হবে। কিন্তু আমার লক্ষ্য শুধু জয় এনে সমর্থকদের খুশি করা।’

স্পোর্টিং সিপি থেকে আনা তার প্রিয় ৩-৪-৩ ফরমেশন নিয়ে অনেক কথা হচ্ছে। ইপসউইচের বিপক্ষে ম্যাচের প্রথম দিকে তা কাজ করেছিল, যেখানে মার্কাস র‍্যাশফোর্ড প্রথম মিনিটেই গোল করেন। তবে পুরো ম্যাচে দল কিছুটা অসুবিধায় পড়েছিল। আমোরিম মনে করেন, তার কৌশল নিয়ে অতিরিক্ত আলোচনা হচ্ছে। তিনি খেলোয়াড়দের তার পরিকল্পনায় মানিয়ে নিতে বলছেন। তিনি বলেন, ‘আমার কৌশল বদল হবে না, খেলোয়াড়দেরই বদলাতে হবে।’

তবে এখনকার ব্যস্ত সূচিতে এই কৌশল কাজে লাগানো সহজ হবে না। ৩৭ দিনের মধ্যে ইউনাইটেডকে ১০টি ম্যাচ খেলতে হবে। এ সময়ে খেলোয়াড়দের কৌশলে পুরোপুরি অভ্যস্ত করানো কঠিন।

ইউরোপা লিগে বোডো/গ্লিম্ট এখন ইউনাইটেডের ওপরে অবস্থান করছে। এই ম্যাচে আমোরিম তার দলের খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের সবাইকে সুযোগ দিতে হবে, যাতে তারা মনে করে তারা দলের অংশ।’

তবে ইনজুরিতে থাকা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। লুক শ ফেব্রুয়ারির পর প্রথম ম্যাচ খেলেছেন, কিন্তু প্রতিদিন খেলানো সম্ভব নয়। লিসান্দ্রো মার্টিনেজ ফিরে এসেছেন, তবে হ্যারি ম্যাগুইয়ার এখনো খেলতে প্রস্তুত নন।

আমোরিম বলেন, ‘এই দলকে আমার কৌশলে পুরোপুরি মানিয়ে নিতে সময় লাগবে। তবে একসঙ্গে কাজ করলে এটা সম্ভব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত