সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম

সাবমেরিন থেকে ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে কে–ফোর এসএলবিএম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। বৃহস্পতিবার এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানায়। 

এএনআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পারমাণবিক অস্ত্র বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩ হাজার ৫০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যাবে। ফলে স্থলভাগে পরিস্থিতি সুবিধাজনক না হলে সাবমেরিনটি পানির নিচে থেকেই আক্রমণ করতে পারবে।

কে–ফোর এসএলবিএম মূলত মাঝারি পাল্লার সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল। দেশটির নৌবাহিনীর অরিহান্ত ক্লাস সাবমেরিনে স্থাপন করা হয়েছে এটি। এর আগে ভারতীয় নৌবাহিনী কে–১৫ ব্যবহার করত। কিন্তু কে–ফোর তার চেয়ে উন্নত এবং আরও নির্ভুল ও উৎক্ষেপণ সহজ।

আইএনএস অরিহান্ত ও আরিঘাট ভারতীয় নৌবাহিনীর অস্ত্রাগারের দুটি পারমাণবিক সাবমেরিন। এই সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা রাখে। বিশাখাপত্তনম-ভিত্তিক শিপ বিল্ডিং সেন্টারে আগস্ট মাসে পরমাণবিক সাবমেরিন আরিঘাটকে অন্তর্ভুক্ত করা হয়।

সম্প্রতি দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। যা দেশটির সামরিক শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত