এবার চোটের মিছিলে হৃদয়, দল ঘোষণায় দেরি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

বাংলাদেশ দলে হানা দিয়েছে চোট। শুরুটা হয়েছিল মুশফিকুর রহিম দিয়ে। তারপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যে কারণে দুজনেই যেতে পারেননি উইন্ডিজ সফরে। এখনও ফিট হতে পারেননি দুজনে। এবার সেই মিছিলে যোগ দিলেন আরেক টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়। আর তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে সাদা বলের দল ঘোষণাও পিছিয়ে গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, বগুড়ায় অনুশীলনের সময় পায়ে চোট পান হৃদয়। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এখন তার এমআরআই করানো হবে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।

ঐ সূত্র দেশ রূপান্তরকে বলেছে, ‘হৃদয় অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার একটি চোট হয়েছে বুধবার। তবে সেটা কি অবস্থায় আছে তা আমরা জানি না। আপাতত আমরা মেডিকেল রিপোর্টের অপেক্ষায়। আমাদের পরিকল্পনা ছিল আজ (গতকাল) অথবা আগামীকাল (আজ) দল ঘোষণা করার। কিন্তু আজ তো হলোই না। কালও দিতে পারব কিনা নিশ্চিত না।’

সূত্র আরও বলেছে, ‘চোট গুরুতর হলে দল নির্বাচনে হৃদয়ের জায়গায় আমাদেরকে বিকল্প কাউকে ভাবতে হতে পারে।’

শুধু তাওহীদ হৃদয়ের জন্য অপেক্ষায় না বিসিবির নির্বাচক কমিটি। তারা অপেক্ষায় আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সবশেষ মেডিকেল রিপোর্টের জন্য। এসব কারণেই মূলত সাদা বলের দল ঘোষণায় দেরি করছেন নির্বাচকরা।

বাংলাদেশ দল বর্তমানে আছে জ্যামাইকায়। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেো হেরে গেছে। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আগামী ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে তারা। এরপর ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত