নেতাকর্মীদের শপথ পড়ালেন আমিনুল হক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলের জন্য নেতাকর্মীদের শ্রদ্ধাশীল ও আনুগত্য হয়ে ত্যাগ স্বীকার করে কাজ করতে শপথ করিয়ে বলেছেন, আমরা সকলেই দলের সকল নির্দেশনা, সকল কার্যক্রম, আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি আমরা সকলেই অক্ষরে অক্ষরে পালন করব।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতিও যৌথসভায় তিনি দলের নেতাকর্মীদের নিয়ে এ শপথ পাঠ করান।

স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশে দুঃশাসন করেছে, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে, আমরা সেই রাজনীতি করতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই মানুষের উন্নয়ন করতে, মানুষের ভাগ্যের উন্নয়ন করতে। মানুষের পাশে থেকে কাজ করতে। এদেশের জনগণ কি চায়? আমরা সেই কাজটি করব; সেই কাজটি করাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই লক্ষ্য নিয়েই আমাদের এগুতে হবে।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার উচ্চারণ করে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ থেকে সুবিধাবাদীরা তারা আপনাদের কাউকে সুযোগ-সুবিধা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আপনারা এটা করতে যাবেন না। গত ১৭ বছরের জঞ্জাল সাফ করতে গিয়ে আপনারাও যদি কেউ জঞ্জালে জড়িয়ে যান তাহলে দীর্ঘ ১৭ বছর ধরে আপনারা যে কষ্ট করেছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, সেই ১৭ বছরের কষ্ট একদিনেই কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে।

তিনি বলেন, আপনারা গত ১৭ বছরে মামলা হামলা, নির্যাতন ও নিপীড়নের স্বীকার হয়ে একেক জন নেতাকর্মী খাঁটি সোনা হয়ে গেছেন। এই খাঁটি সোনার ভেতরে আপনারা খাদ ঢুকাবেন না। এজন্য সকলে সতর্ক থাকুন।

নবগঠিত কমিটির সদস্যসচিব মোস্তফা জামানের সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ,শাহআলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তরের সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত