মাস কয়েক আগেই রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বছর না ঘুরতে আবারও ঢাকায় তিনি। এবার গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে।
আজ শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ। ম্যাজিকাল নাইটে তার সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান রহমান খান। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে এই কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
এদিন বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়।
২০১৩ সালে বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন আতিফ। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন।
সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় পারফর্ম করেন তিনি। ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টটিতে গেয়ে শোনান ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, ‘তেরে লিয়ে’সহ তার গাওয়া জনপ্রিয় বেশ কিছু গান। সেই কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করেছিলেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।
