দেশে এ বছর ডেঙ্গু রোগী ৯০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ৮৩৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৪০ জন। এই সংখ্যা ডেঙ্গু প্রাদুর্ভাবের গত ২৪ বছরের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ ও দ্বিতীয় সর্বোচ্চ ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজন মারা গেছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৮২ জনে। এ সংখ্যা এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এখন পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন মারা গেছে গত বছর ও তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২০১৯ সালে ১৭৯ জনের।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন যে সাতজন মারা গেছে, তাদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। হাসপাতালে চিকিৎসাধীন এসব রোগীর মধ্যে সর্বোচ্চ দুজন করে মারা গেছে ঢাকা উত্তর সিটি ও ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এবং একজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে। এ নিয়ে এ মাসের গত ২৮ দিনে ১৬৭ জনের মৃত্যু হলো।
নতুন রোগীদের মধ্যে ৫২৪ জন পুরুষ ও ৩১৩ জন নারী। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২১ জন। এরপর ঢাকা উত্তর সিটিতে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫, খুলনা বিভাগে ১০৯, চট্টগ্রাম বিভাগে ৮৫, বরিশাল বিভাগে ৭২, রাজশাহী বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ১৮, রংপুর বিভাগে ১০ ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসে রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬২৩ জন।
এ বছর রোগীদের মধ্যে ০-১৫ বছর বয়সী শিশু রয়েছে, যা বছরের রোগীর ১৬ শতাংশ। এর মধ্যে ০-৫ বছর বয়সী শিশু ৫ হাজার ৪৬ জন, ৬-১০ বছর বয়সী ৪ হাজার ৩৮১ ও ১১-১৫ বছর বয়সী ৫ হাজার ৪৬৮ জন।
এ বছর রোগীর ৫৭ হাজার ১৬২ জন বা ৬৩ শতাংশ পুরুষ ও ৩৩ হাজার ২৭৮ জন বা ৩৭ শতাংশ নারী। সর্বোচ্চ ১৯ হাজার ১৭১ জন রোগী ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এরপর ঢাকা বিভাগে ১৬ হাজার ৫২৮ জন, ঢাকা দক্ষিণে ১৫ হাজার ৯০৩, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ১৩৪, খুলনা বিভাগে ৮ হাজার ৮২৮, বরিশাল বিভাগে ৭ হাজার ৮২৬, রাজশাহী বিভাগে ৩ হাজার ২৯০, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৬, রংপুর বিভাগে ১ হাজার ৪১৫, সিলেট বিভাগে ২৯১, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ ও গাজীপুর সিটি করপোরেশনে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
ঢাকা দক্ষিণে মৃত্যু ৪৩ : এ বছর গত ২৭ নভেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছে বলে সিটি করপোরেশন কর্র্তৃপক্ষ জানিয়েছে।
এ ব্যাপারে করপোরেশনের তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে এ বছর গত বুধবার পর্যন্ত যে ২০১ জনের মৃত্যুর কথা বলা হয়েছে, তারা দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ডিএসসিসির এলাকায় অবস্থিত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রকৃতপক্ষে ডিএসসিসির আওতাধীন এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত মৃত্যুবরণকারীর সংখ্যা ৪৩।
গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরে প্রকাশিত ‘ঢাকা দক্ষিণে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ডেঙ্গুতে মৃত্যুর তথ্যের এই ব্যাখ্যা দেয় করপোরেশন কর্র্তৃপক্ষ। প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির ডেঙ্গুর তথ্য অনুযায়ী তৈরি করা হয়েছে।
