তাইওয়ানের সীমানায় চীনের সামরিক মহড়া

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১২:১১ এএম

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংয়ের প্যাসিফিক সফরের আগে দ্বীপরাষ্ট্রটির চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। গতকাল শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপটির আকাশ ও জলসীমায় চীনের ৩৩টি সামরিক বিমান এবং আটটি যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৩৩টি যুদ্ধবিমানের মধ্যে ১৯টি বৃহস্পতিবার রাতে চীনের যৌথ যুদ্ধ প্রস্তুতি মহড়ায় অংশ নিয়েছে বলে দাবি করেছে তাইওয়ান। তিন সপ্তাহের মধ্যে এটিই চীনের সবচেয়ে বড় সামরিক মহড়া। গত পাঁচ দিনের মধ্যে চতুর্থবারের মতো তাইওয়ানের পশ্চিমে ১৭২ কিলোমিটার দূরে একটি চীনা বেলুন শনাক্ত হয়েছে। তাইওয়ানের সামরিক বিশেষজ্ঞ সু জু-ইউন বলেন, প্রেসিডেন্ট লাইয়ের সফরের প্রতিক্রিয়া হিসেবে বড় ধরনের সামরিক মহড়াও চালাতে পারে চীন।

তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপরাষ্ট্র। দেশটি নিজেদের সার্বভৌমত্ব দাবি করলেও, চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে অভিহিত করে থাকে। সার্বভৌম জাতি হিসেবে দাবির যেকোনো আন্তর্জাতিক স্বীকৃতিরও বিরোধিতা করে বেইজিং। বর্তমানে ভ্যাটিকানসহ মাত্র ১২টি দেশ ও অঞ্চলের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের সার্বভৌমত্বের দাবির মুখে দ্বীপরাষ্ট্রটির চারপাশে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে চীন।

গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং। শনিবার থেকে শুরু হতে যাওয়া এই সফরে লাই চিং প্যাসিফিক অঞ্চলে তাইওয়ানের তিন মিত্র মার্শাল দ্বীপপুঞ্জ, তুভালু এবং পালাউ সফর করবেন।

এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে হাওয়াইতে যাত্রাবিরতি করবেন তিনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সফরের খবর ক্ষুব্ধ হয়েছে বেইজিং। লাই এর আগেও যুক্তরাষ্ট্র সফর করেছেন, যা চীনের ক্ষোভের কারণ হয়েছে। এমন সফরের প্রতিক্রিয়ায় চীন প্রতিবার তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার লাইয়ের পরিকল্পিত সফরের নিন্দা জানিয়ে বলেছে, তাইওয়ানের স্বাধীনতা অর্জনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। চলতি বছর তাইওয়ানের চারপাশে এর আগেও দুটি বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করেছে চীন। লাই চিং তের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাষ্ট্রীয় সফরের বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। দেশটির বিমানবাহিনী জানায়, দুই ঘণ্টার মহড়ায় বিমান, জাহাজ ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত