আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরির (১০৩) পরও ২২৮ রানের পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাদ দিতে নেমে ভয় ধরিয়ে দিয়েছিলেন আফগানিস্তানের ফায়সাল খান আহমেদজাই ও নাসের খান মারুফখিল। কিন্তু বাংলাদেশের দুই বোলার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনের দারুণ বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আফগানদের ব্যাটিং লাইন-আপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪৫ রানের জয় দিয়ে শুরু করেছে যুব এশিয়া কাপের এবারের যাত্রা।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৩ রানেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন আবদুল আজিজ। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আবরার। এরপরই ব্যাটিং করতে নামেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। কালাম ৬৬ রানে ফিরলে জুটি ভাঙে। তামিম একাই করেন ১০৩ রান (১৩৩ বলে ৮ চার, ৩ ছক্কা), জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। তবে তামিমের আউটের পর শেষ ২০ বলে বাংলাদেশ মাত্র ২৪ রান তুলতে হারায় ৩ উইকেট। আফগানিস্তানের আজিজ, নুরিস্তানি ও স্টানিকজাই নেন ২টি করে উইকেট। ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে যায় আফগানরা। দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ফায়সাল। বাংলাদেশের হয়ে ফাহাদ ও ইমন নিয়েছেন ৩টি করে উইকেট। মারুফ মৃধার ঝুলিতে গেছে দুটি। একটি উইকেট পেয়েছেন রাফি উজ্জামান।
