২৫ দিনে জব্দ ৪০ হাজার কেজি পলিথিন ব্যাগ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

সারা দেশে গত ৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৪০ হাজার ৬০৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি বলেছেন, এই সময় ১৬৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।

গতকাল শুক্রবার রাজধানীর নিউ মার্কেটের বনলতা কাঁচাবাজারে মনিটরিং শেষে তিনি এসব তথ্য জানান। এর আগে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নিউ মার্কেট কাঁচাবাজার মনিটরিং করেন মনিটরিং কমিটির সদস্যরা। কাঁচাবাজারের প্রতিটি দোকানে পলিথিন পাওয়া গেলেও কাউকে জরিমানা করা হয়নি। শুধু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তপন কুমার বিশ^াস বলেন, ‘নিউ মার্কেট একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারেও কিন্তু পলিথিনের ব্যবহার আগের চেয়ে অনেকটা কমে এসেছে। কিছু আছে, সেটা পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। পলিথিন ব্যাগের বিকল্প নিয়ে সার্বিকভাবে কার্যক্রম চলমান। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিও এগিয়ে এসেছে।’

তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় কাঁচাবাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করার জন্য আমরা চেষ্টা করছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করা যাবে না।

এ ব্যাপারে আমরা সব মহল থেকে আন্তরিক সহযোগিতা পাচ্ছি। একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে; যার আহ্বায়ক আমি। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। আমাদের কাজ হচ্ছে সচেতনতামূলক কাজ পরিচালনা করা। এটি যে ক্ষতিকর, সেটা সবাই স্বীকার করে নিচ্ছেন।’

তপন কুমার বিশ্বাস বলেন, ‘বড় সুপারশপগুলোতে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কাঁচাবাজারগুলোতে পলিথিনের কিছুটা ব্যবহার আছে। কিন্তু সেখানেও ব্যবহার অনেকটা কমে এসেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত