রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে আগামী ২১ ডিসেম্বর চ্যারিটি কনসার্ট হবে। যেখান থেকে আয় হওয়া অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। এ কনসার্টে বিশ^খ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলি খানসহ কয়েকটি জনপ্রিয় দেশীয় ব্যান্ড গান পরিবেশন করবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক। গতকাল শুক্রবার ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কনসার্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন ‘স্পিরিটস অব জুলাই’-এর সদস্য ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান।
লিখিত বক্তব্যে বলা হয়, এ বিষয়ে গত ১২ নভেম্বর স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।’
কনসার্টের মূল আকর্ষণ বিশ^খ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলি খান বিনা পরিশ্রমে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তার সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’র একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।’
এ ছাড়া কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ ও র্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নানও গান পরিবেশন করবেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে বলে এ সময় উল্লেখ করা হয়।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হতে পারে।
