তুরাগ তীরে জোড় ইজতেমা শুরু

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। গতকাল শুক্রবার ফজরের পর থেকে আমবয়ানের মাধ্যমে জোড় ইজতেমার কার্যক্রম শুরু হয়। ৩ ডিসেম্বর মোনাজাতের মাধ্যমে এটি শেষ হবে। প্রথম পর্বের জোড় ইজতেমার আয়োজন করে শুরায়ী নেজাম। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বরে শেষ হবে। এদিকে গত বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানে ওলামায়ে কেরামরা জোড় ইজতেমায় অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।

জোড় ইজতেমা হলো তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এ ইজতেমা হয়। তবে তাবলিগ জামাতের সব সাথীই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত তিন চিল্লার সাথীদের নিয়েই এ ইজতেমা হয়।

ময়মনসিংহ থেকে আসা ইদ্রিস আলী বলেন, ‘গত ১০ বছর যাবৎ ইজতেমার কাজের নিয়োজিত আছি। এ বছর তিন চিল্লায় সময় দিয়ে কুমিল্লা থেকে টঙ্গীর ইজতেমার ময়দানে অংশগ্রহণ করি। চলমান পাঁচ দিনের জোড় ইজতেমা শেষ করে ৪১ দিনের ইসলামের দ্বীনি কাজের মাধ্যমে ২০২৫ সালের বিশ^ ইজতেমাকে সফল করতে প্রস্তুতি নিচ্ছি।’ এই জোড় ইজতেমা থেকেই সিদ্ধান্ত হবে কীভাবে ২০২৫ সালের বিশ^ ইজতেমা সফল করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত