মুক্তির পর জেলগেট থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

মৌলভীবাজারে জামিনে জেল থেকে মুক্তির পর ফের গ্রেপ্তার হয়েছেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করলে ওইদিন রাতেই পুলিশ আদালতের মাধ্যমে জুয়েলকে আবারও কারাগারে পাঠায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার পতনের পর বড়লেখা থানায় করা পাঁচটি মামলার এজাহার নামীয় আসামি বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল গত বৃহস্পতিবার জামিন পান। এর মধ্যে তিনটি মামলায় উচ্চ আদালত থেকে এবং দুটি মামলায় বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে। পরে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আহতদের পক্ষে গত ২৫ নভেম্বর করা রাসেল আহমদের মামলায় (নং-২৯) সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক শনিবার সকালে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আহতদের পক্ষে করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে জুয়েলকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত