পর্ন কাণ্ডে ফের বিপাকে শিল্পার স্বামী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেঠির! মাস খানেক আগেই স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। শিল্পার নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি জটের মাঝেই এবার পর্ন কাণ্ডে নতুন করে বিপাকে শিল্পার স্বামী।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার সকালে রাজ-শিল্পার বাড়িতে হানা দেয় ইডি। মুম্বাই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা। বাদ যায়নি রাজ কুন্দ্রা-সহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও।

‘হটশটস’ নামে এক প্রাপ্তবয়স্কদের অ্যাপ খোলার জন্য বছর খানেক আগেই হাজতবাস হয়েছিল রাজের। দুই মাস জেলে কাটিয়ে তার পর জামিন পান। সেই স্মৃতিকে অতীতের খাতায় ফেলে রেখে যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রাজ-শিল্পা তখনই ফের দুয়ারে ইডি।

প্রসঙ্গত, আইপিএল বেটিং, নীলছবি মামলায় রাজ কুন্দ্রার নাম উঠেছিল আগেই। এবার ৬ হাজার ৬০০ কোটি রুপির বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তসরুপ মামলাতেও নাম জড়িয়েছে রাজ কুন্দ্রার। যার জেরে স্থাবর-অস্থাবর সব মিলিয়ে রাজ-শিল্পার প্রায় প্রায় ১০০ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোও রয়েছে। 


উল্লেখ্য, মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। অমিত ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ-সহ আরও বেশ কয়েক জনের নাম উঠে আসে অভিযুক্ত হিসেবে। বিটকয়েনে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা তোলেন অভিযুক্তরা। 

শুধুমাত্র ২০১৭ সালেই ৬,৬০০ কোটি টাকা তোলা হয়েছিল বলে জানা যায়। যাদের কাছ থেকে টাকা তোলা হয়, তাদের প্রতি মাসে বিটকয়েনে ১০ শতাংশ টাকা রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। ক্রিপ্টো সম্পত্তি গড়ে তোলার লোভে অনেকেই টাকা ঢালেন ওই সংস্থায়। কিন্তু ওই সংস্থা সকলকে ঠকানোয় একাধিক মামলা দায়ের হয়। এই মামলার তদন্তে নেমে রাজের সঙ্গে ওই সংস্থার সংযোগ খুঁজে পায় ইডি। জানা গেছে, অমিতের থেকে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন রাজ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত