‘মানবতার টানে,ভয় নেই রক্তদানে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০২২ সাল থেকে অসহায় ও মুমূর্ষু ৩৬৪০ জন রোগীকে রক্তদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন'রক্তদানে আমাদের মাইজবাগ। রক্তের জন্য লাগেনা কোন টাকা।জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হলেই ভোক্তভোগীরা ছুটেন সংগঠনটির কাছে।
এতে স্বেচ্ছাসেবীরাও সর্বোচ্চ গুরুত্বসহকারে রক্ত ম্যানেজ করে দিচ্ছেন। ফলে সু্স্থ্য হচ্ছে অনেক মানুষ, রক্তের অভাবে মৃত্যু থেকে বেচে যাচ্ছেন অনেক প্রাণ। এভাবেই স্বেচ্ছায় এবং বিনামূল্যে রক্তদান ও রক্ত সংগ্রহ করছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তদানে আমাদের মাইজবাগ।'
শনিবার (৩০ নভেম্বর) গর্ভবতী দুই নারীর সিজার ও একজন রক্তশূন্যতাসহ ৪ রোগীকে বিনামূল্যে রক্তদান করেছে সংগঠনটি। এর আগে গত শুক্রবার বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে প্রায় ২০০ স্বেচ্ছাসেবীদের নিয়ে মিলন অনুষ্ঠিত হয়। এতে রক্তদান ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহের ২১ টি সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
রক্তদানে আমাদের মাইজবাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সারমিনা সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর (অবঃ) ডা. মো. ফরহাদ হোসেন, ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান,সার্ক রিজিয়ন সাউথ গ্লোবাল ইয়থ পার্লামেন্টের ডেপুটি কো-অর্ডিনেটর প্রকৌশলী হাসান মাহমুদ প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে মেডিকেল চান্সপ্রাপ্ত ৩ জন ও ২০২৪ শিক্ষাবর্ষে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২০ শিক্ষার্থীকে সম্মাননা দেয় সংগঠনটি। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রক্তদানে আমাদের মাইজবাগ সংগঠনের ১৭০ জন স্বেচ্ছাসেবীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয় হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহিদ হাসান রিয়াদ বলেন, ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মহামূল্যবান জীবন ও দেহ সুরক্ষায় রক্তদানের চেয়ে মহৎকর্ম আর কিছু নেই। তাই ২০২২ সালের ২৫ নভেম্বর রক্তদানে আমাদের মাইজবাগ প্রতিষ্ঠা করি।
একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘ দুই বছরে ৩৬৪০ ব্যাগ ব্লাড ম্যানেজ করতে সক্ষম হয়েছি। এছাড়া বিগতদিনে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছি আমরা। কুমিল্লা, ফেনী, শেরপুর জেলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। এভাবেই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে মানুষের পাশে থাকবে রক্তদানে আমাদের মাইজবাগ।