যেমন চলছে তাদের ভয়াল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ এএম

গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘ভয়াল’। এর মধ্য দিয়ে প্রায় সাড়ে সাত বছর পর বড় পর্দায় হাজির হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আইশা খান।

মুক্তির পর সিনেমাটি থেকে ইতিবাচক মন্তব্য পাচ্ছেন বলে জানালেন এর অভিনয়শিল্পীরা। যারাই সিনেমাটি দেখেছেন তারাই প্রশংসা করছেন, সাধুবাদ জানাচ্ছেন। বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে এমনটাই জানালেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। অনেক বেশি দর্শক না পেলেও যারাই দেখতে এসেছেন তারা বেশ সন্তুষ্ট, এমনটাই বলছেন তারা।

আইশা খান বলছেন, ‘সত্যি বলতে অনেক বেশি দর্শক ছিল, এমনটা বলব না। মুক্তির দিনই ছবিটা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলাম। মোটামুটি দর্শক ছিল। আর সেদিন যেহেতু আতিফ আসলামের কনসার্ট ছিল, এটাও একটা কারণ হতে পারে দর্শক কম থাকার। তবে যে কজন দর্শকই ছিলেন তারা সিনেমাটি বেশ উপভোগ করেছেন। অভিনয়, নির্মাণশৈলীর প্রশংসা করেছেন তারা। কিছু কিছু জায়গায় তারা নিজেরাও মুগ্ধ হয়েছেন, যেটার উচ্ছ্বাসও প্রকাশ করছিলেন হলের ভেতরে।’

এই অভিনেত্রী আরও বললেন, ‘আমাদের সিনেমাটির মার্কেটিংয়ের অভাব ছিল। প্রচার-প্রচারণায় যথেষ্ট কমতি ছিল, তাছাড়া সিনেমাটিও অনেকটা হুট করেই মুক্তি পায়। তারপরও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। যতটুকু দর্শক পেয়েছি, তাদের কাছ থেকে যে ইতিবাচক মন্তব্যগুলো পেয়েছি, সেটাই অনেক। আমি নিজে যখন দর্শক হিসেবে সিনেমাটি দেখছিলাম, তখন নিজের অনেক ভুল চোখে পড়ছিল। বারবারই মনে হচ্ছিল, এই জায়গাটাতে আরেকটু ভালো করা যেত। আমাদের সঙ্গে নির্মাতা জাহিদ প্রীতম, অভিনেতা আবু হুরায়রা তানভীর, সুদীপ বিশ^াস দ্বীপ ভাইয়ারাও ছিলেন। তারা সিনেমাটি দেখে অনেক প্রশংসা করেছেন। বিশেষ করে জাহিদ প্রীতম ভাইয়া। উনার কাছে যখন প্রশংসা শুনছিলাম, তখন মনে হচ্ছিল, সত্যি হয়তো কিছু একটা করতে পেরেছি।’

এদিকে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় চলছে সিনেমাটি। বসুন্ধরা শাখায় প্রতিদিন তিনটি এবং সীমান্ত সম্ভার, সনি স্কয়ার, এসকেএস টাওয়ার, বালি আর্কেডে প্রতিদিন দুটি করে শো চলছে ‘ভয়াল’-এর। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘খুব যে ভালো চলছে, তা না। বেশ কয়েকটা শো চালাচ্ছি আমরা। কিন্তু প্রত্যাশানুযায়ী দর্শক নেই। শুধু এটাই নয়, আমরা ‘দরদ’ এখনো চালাচ্ছি। শাকিব খানের সিনেমারও দর্শক নেই, যা আশা করেছিলাম, তেমনটা হয়নি।’

অন্যদিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে চারটি শো চলছে ‘ভয়াল’-এর। সিনেপ্লেক্সটির সহকারী ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, ‘আমরা চারটি শো চালাচ্ছি। দর্শক মোটামুটি। তবে যারা দেখেছেন, তাদের কাছে ইতিবাচক মন্তব্য শুনেছি। সিনেমাটি নাকি ভালো হয়েছে। আমি নিজেও কিছুক্ষণ দেখেছিলাম সিনেমাটি। মাত্রই তো মুক্তি পেল। আমার মনে হয়, যেহেতু সিনেমাটি ভালো বলছেন অনেকে, তার যদি রিভিউ দেন কিংবা মাউথ পাবলিসিটি করেন, তাহলে হয়তো সামনে আরও দর্শক আসতে পারে। সিনেমার জন্য প্রচারণার তো কোনো বিকল্প নেই।’

‘ভয়াল’ সিনেমাটিতে ইরফান-আইশা ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত