২৯ দেশের সিনেমা থাকলেও নেই বাংলাদেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ এএম

আর কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। প্রতি বছরই ওপার বাংলার এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। এবারও যে শহরে উন্মাদনা তুঙ্গে তা বলাই বাহুল্য। ২৯ দেশের ১৭৫ সিনেমা নিয়ে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে উৎসবটির ৩০তম আসর। তবে এতে নেই কোনো বাংলাদেশি সিনেমা।

প্রতি বছর নিয়ম করে ফিল্ম ফেস্টিভ্যালের নানান বিভাগে বাংলাদেশের ছবির জনপ্রিয়তা নজরে পড়ে। বাংলাদেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনাও দেখা যেত নন্দন চত্বরে। উন্মাদনা দেখা গেছে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের মতো শিল্পীদের নিয়ে। কিন্তু এবার যে চিত্রটা অন্যরকম হতে চলেছে তা বেশ স্পষ্ট। অন্যান্যবার অতিথি দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও এবার আর থাকছে না বলেই খবর। অতিথি দেশ হিসেবে থাকছে ফ্রান্স। এবারের আসরে বাংলাদেশের সিনেমা ঠাঁই না পাওয়া নিয়ে কথা বলতে চাননি কেউ।

সংবাদ সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি এই পরিচালকের জন্মশতবর্ষও পালিত হচ্ছে এবারের উৎসবে। ধনধান্যে বিকেল সাড়ে ৫টায় ছবিটি দেখানো হবে।

সেখানে আরও জানানো হয়, এবারের উৎসবে ১২৭টি ফিচার ফিল্ম এবং ৪৮টি শর্টফিল্ম দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সিনে উৎসব গুণে ও মানে ক্রমশ কেমন আরও উন্নত হচ্ছে সে সময় তা তুলে ধরেন ইন্দ্রনীল সেন।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি এই পরিচালকের জন্মশতবর্ষও পালিত হচ্ছে এবারের উৎসবে। ধনধান্যে বিকেল সাড়ে ৫টায় ছবিটি দেখানো হবে।

প্রসঙ্গত, আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। সেজে উঠেছে শহরের নানা কোনাও। এবার এই সিনে উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। অন্যবারের তুলনায় আরও জাঁকজমক দেখবে তিলোত্তমা। ছবির প্রদর্শনেও তাই অভিনবত্ব রাখা হচ্ছে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত