গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এক রাতেই কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শুক্রবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। অবশ্য অন্য কয়েকটি সংবাদমাধ্যম বলছে, শুক্রবার ২৪ ঘণ্টায় গাজায় নিহত হন কমপক্ষে ১০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছেÑ নুসেইরাত, বেইত লাহিয়ারসহ ভূখণ্ডটির উত্তর ও দক্ষিণাঞ্চলে হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে শুক্রবার গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কর্মকর্তারা যুদ্ধবিরতি নিয়ে নতুন দফা আলোচনার জন্য কায়রো যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স। এবারের পদক্ষেপ কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় থাকলেও গাজার যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ অগ্রগতির আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই গাজার যুদ্ধবিরতি নিশ্চিত করতে চান ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বন্দি বিনিময় চুক্তিও করতে চান।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই শুরু, সর্বাত্মক যুদ্ধ এখনো চলছে। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী-শিশুসহ ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে নতুন করে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার তারা বলেছে, তাদের বাহিনী গাজা উপত্যকায় অভিযান পরিচালনার অংশ হিসেবে হামাসের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।
এদিকে গাজার চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার গাজা উপত্যকার উত্তর প্রান্তে বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রধান আহমেদ আল-কাহলাউতকে একটি ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন। এই হত্যার ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছে, এই হামলার বিষয়ে তারা অবগত নয়।
এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে হামাসের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধিদল শনিবার কায়রো পৌঁছাবে। গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় উত্থাপিত করতে কাতার, মিসর ও তুরস্কের সঙ্গে নতুন করে প্রচেষ্টা শুরু করবে যুক্তরাষ্ট্র।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কয়েক মাসের প্রচেষ্টায় খুব কম অগ্রগতি হয়েছে এবং আলোচনা এখন স্থগিত রয়েছে।
এদিকে ইসরায়েল ও লেবাননে হামাসের মিত্র হিজবুল্লাহর মধ্যে বুধবার ভোরের আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
মঙ্গলবার লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি এখন গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য আবারও নতুন করে চেষ্টা শুরু করবেন। আর তার স্থলাভিষিক্ত হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন দায়িত্ব নেওয়ার আগেই যুদ্ধবিরতি হোক গাজায়।
আলজাজিরা বলছে, চলতি সপ্তাহেই ইসরায়েল সফর করেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সেই সফর ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি যুদ্ধবিরতিকে সমর্থন করেন। আর এতে জিম্মি মুক্তির জন্য একটি চুক্তি অন্তর্ভুক্ত থাকবে।
লিন্ডসে গ্রাহাম বলেন, ‘তিনি (ট্রাম্প) এখনই এটার বাস্তবায়ন দেখতে চান। আমি ইসরায়েলের ও এই অঞ্চলের মানুষকে জানাতে চাই যে জিম্মি ইস্যুতে মনোযোগ দিয়েছেন ট্রাম্প। তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান। যুদ্ধ বন্ধ চান। ইসরায়েল ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোটের মতো লক্ষ্যে মনোযোগ দেওয়ার আগে প্রথম পদক্ষেপ হিসেবে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি দেখতে চান।
