উন্মুক্তস্থানে ও গাছে ঝুলানো নান্দনিক লাইব্রেরি। তাতে সারি সারি বইয়ের তাক। সাজানো নানা রকম বই। তাক থেকে বই নিয়ে পড়ছেন সেবা নিতে আসা মানুষ। পড়া শেষে যথাস্থানে আবার রেখেও দিচ্ছেন। এমন দৃশ্য দেখা গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে।
আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন পয়েন্টে মোট তিনটি নান্দনিক মিনি লাইব্রেরি উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
সরেজমিন দেখা গেছে, উদ্বোধনের পরপরই লাইব্রেরিগুলোতে দেখা যায় বইপ্রেমীদের ভিড়। কেউ বই পড়ছেন, আবার কেউ দেখছেন। পরিষদ চত্বরে দর্শনার্থীদের বসার গোল ঘরের সামনে ১টি, উপজেলা মসজিদের সামনে গাছে ঝুলানো একটি ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলার সিঁড়ি ঘেঁষে ১টিসহ মোট তিনটি নান্দনিক লাইব্রেরিতে শোভা পাচ্ছে বই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারের এমন ব্যতিক্রম উদ্যোগকে ইতিবাচক বলছেন স্থানীয় সচেতন মহল। ইউএনও তার নিজস্ব পরিকল্পনায় উন্মুক্ত লাইব্রেরিগুলো বাস্তবায়ন করায় খুশি স্থানীয় সব শ্রেণি-পেশার লোকজন।
উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রাম থেকে সেবা নিতে আসা পঞ্চাশ বছর বসয়ী আবুল মুনসুর আহমেদকে দেখা যায় লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ছেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, নিঃসন্দেহে এটি মহৎ একটি উদ্যোগ। আমি কৃষি অফিসের একটি কাজে উপজেলায় এসেছিলাম। মানুষের অনেক ভিড় থাকায় কাজটি করতে দেরি হবে। ভাবছিলাম বাহিরে চায়ের স্টল থেকে চা খেয়ে আসি। বের হওয়ার সময় চোখে পড়ে ছোট্ট একটি লাইব্রেরি। তাই বাইরে সময় নষ্ট না করে যতক্ষণ সময় পেয়েছি বই পড়েছি।
জাকির হোসেন নামে এক বইপ্রেমী যুবক বলেন, এটা অসাধারণ উদ্যোগ। অযথা মোবাইলে সময় নষ্ট করা থেকে এই উদ্যোগ মানুষকে বইমুখী করে তুলবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, উপজেলা পরিষদে বিভিন্ন কাজে প্রতিদিনই অনেক মানুষ আসেন। আমি লক্ষ্য করে দেখেছি সেবা নিতে আসা অপেক্ষারত মানুষ গল্পগুজবে সময় পার করেন। আবার বিকেলে বা সন্ধ্যায় বাচ্চারা উপজেলা প্রাঙ্গণে এসে অলস সময় কাটায়। অনেকেই মোবাইল হাতে নিয়ে ভার্চুয়াল জগতে ঝুঁকে থাকে। তাই আমার উদ্দেশ্য হচ্ছে সেবা নিতে এসব মানুষ যাতে অলস সময় না কাটান। তাদের বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে উপজেলা পরিষদের তিনটি পয়েন্টে ছোট আকারে উন্মুক্ত লাইব্রেরি করে দিয়েছি।
বাংলাদেশের বিপক্ষে নেপাল অলআউট ১৪১ রানে
হার্ট অ্যাটাক করেছেন তপন চৌধুরী
হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: রিজভী