কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল কালাম প্রকাশ আবুল হোসেন (৫২) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরো পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতদের চৌদ্দগ্রাম সহ কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরকাদিরা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম।
মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৫৪) কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি এলাকায় হোটেল খাদিজা ইন এর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস হেলপার আবুল হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে বাসের আরো পাঁচজন যাত্রী।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত বাস হেলপার আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা
বীর মুক্তিযোদ্ধা মুয়াজ্জেম হোসেন স্মরণে দোয়া মাহফিল