বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও কাজে ফিরেছেন। তার একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ডিভোর্সের গুঞ্জন যখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু, তখন দেবদাস খ্যাত ঐশ্বরিয়ার এ ছবি তার কর্মব্যস্ত জীবনে ফেরার ইঙ্গিত দিচ্ছে।
সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জ্যাকবস সম্প্রতি তার ইনস্টাগ্রামে ঐশ্বরিয়ার সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। ছবিতে ঐশ্বরিয়া চমৎকার মেকআপে সজ্জিত ছিলেন এবং শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত দেখা গেছে। ছবির ক্যাপশনে অ্যাড্রিয়ান লিখেছেন, ‘একটি সুন্দর কাজের দিন।’
ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা তাদের আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘অবশেষে আমাদের রানি ফিরলেন!’ আবার কেউ জানতে চেয়েছেন, ‘নতুন সিনেমার জন্য?’ একজন ভক্ত মন্তব্য করেন, ‘আমরা তোমাকে মিস করছি, ঐশ্বরিয়া।’
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চন তাদের ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি তাদের মেয়ে আরাধ্যার ১৩তম জন্মদিনে তারা একত্রে উদযাপন করেছেন, যা ভক্তদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে।
এদিকে, ডিভোর্স গুঞ্জন প্রসঙ্গে অভিষেকের বাবা অমিতাভ বচ্চন একটি ব্লগ পোস্টে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেন, ‘গুঞ্জন কেবল গুঞ্জনই থাকে... এগুলো যাচাইবিহীন এবং সত্য থেকে দূরে। যাচাই করার প্রয়োজন তাদের জন্য যারা ব্যবসায়িক উদ্দেশ্যে এ বিষয়ে আগ্রহী।’
অভিষেক বচ্চনকে সম্প্রতি সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক সিনেমায় দেখা গিয়েছে এবং তার হাতে বর্তমানে ‘হাউজফুল ৫’ ও সুজয় ঘোষ পরিচালিত কিং রয়েছে। অন্যদিকে, ঐশ্বরিয়া রায় বচ্চন এখনো কোনো নতুন প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ভাইরাল হওয়া ছবিটি তার ভবিষ্যৎ কাজের ইঙ্গিত। গুজব এবং আলোচনার বাইরে থেকে, ঐশ্বরিয়া তার পেশাগত জীবন চালিয়ে যাচ্ছেন।
আরও কমল সোনার দাম
‘আজ কি রাত’ গান ভাইরাল হওয়ায় অস্বস্তিতে তামান্না ভাটিয়া